মিঠুনের ১৮২, জাকির-সৈকতের সেঞ্চুরিতে উজ্জ্বল এনসিএল

মিঠুনের ১৮২, জাকির-সৈকতের সেঞ্চুরিতে উজ্জ্বল এনসিএল

ব্যাট হাতে বড় ইনিংস খেলেও ডাবল সেঞ্চুরি ছোঁয়া হলো না মোহাম্মদ মিঠুনের। তবে তাঁর ১৮২ রানের ইনিংসে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের তৃতীয় দিনটি রাঙিয়েছেন খুলনা অধিনায়ক। একই দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন জাকির হাসান ও সৈকত আলি। অন্যদিকে বরিশালের হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তরুণ জাওয়াদ আবরার।

বিজ্ঞাপন

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে সিলেট। প্রথম ইনিংসে বড় লিডের পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৫৫ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। তাতে রাজশাহীর সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৬৪ রান। উদ্বোধনী জুটিতে মাজহারুল ইসলাম ৫৪ ও মুবিন আহমেদ ৪৬ রান করেন। এরপর তৃতীয় উইকেটে ১৯৮ রানের জুটি গড়েন সৈকত আলি ও জাকির হাসান। ৩ চার ও ৭ ছক্কায় ১০৮ রান করে আউট হন সৈকত। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর তৃতীয় সেঞ্চুরি। অন্য প্রান্তে জাকির ৭ চার ও ২ ছক্কায় ১১১ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। এটি তাঁর ক্যারিয়ারের ১৮তম ও চলতি আসরের দ্বিতীয় শতক। জবাবে ৩২ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে রাজশাহী। শেষ দিনে জিততে তাদের প্রয়োজন আরও ৪০১ রান, সিলেটের দরকার ৬ উইকেট।

চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসে ২৪১ রানে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে রংপুর। ৫ উইকেটে ৩০৪ রান নিয়ে দিন শুরু করে চট্টগ্রাম শেষ পর্যন্ত অলআউট হয় ৪০৭ রানে। আশরাফুল হাসান অপরাজিত ৪৬ রান করেন। জবাবে ৩৪ রানে ২ উইকেট হারানো রংপুরকে টেনে তুলেছেন মিম মোসাদ্দেক ও অভিষিক্ত সামস নিলয়। দুজনের অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটিতে দিন শেষে রংপুরের সংগ্রহ ২ উইকেটে ১৩০। ইনিংস পরাজয় এড়াতে তাদের প্রয়োজন আরও ১১১ রান। মিম ৫৮ ও সামস ৫০ রানে অপরাজিত।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ঢাকার ৩৮১ রানের জবাবে ভালো অবস্থানে খুলনা। তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৩০৬ রান তুলেছে তারা। দলের অধিনায়ক মিঠুন ২৩১ বলে ১৬ চার ও ৫ ছক্কায় ১৮২ রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর ১৭তম সেঞ্চুরি। ডাবল সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে থাকতে থামতে হয় তাঁকে। ওপেনার আজিজুল হাকিম করেন ৮৫ রান, নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ৪৭। এখনো ঢাকার চেয়ে ৭৫ রানে পিছিয়ে খুলনা।

ময়মনসিংহের বিপক্ষে ফলো-অনে পড়া বরিশালকে ইনিংস পরাজয়ের শঙ্কা থেকে টেনে তোলার চেষ্টা করছেন জাওয়াদ আবরার। প্রথম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে ধৈর্যশীল ব্যাটিংয়ে ২১২ বলে ৮৩ রানে অপরাজিত তিনি। দিন শেষে ৩ উইকেটে ১৪৪ রান করেছে বরিশাল। ইনিংস পরাজয় এড়াতে তাদের প্রয়োজন আরও ৮৬ রান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন