ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে, জানা গেল পূর্বাভাসে

ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে, জানা গেল পূর্বাভাসে

মৌসুমী বায়ু দেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এতে ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা নাগাদ রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার দিনশেষে সন্ধ্যা ছয়টার পূর্বাভাসে বলা হয়, আজ সন্ধ্যা ছয়টা থেকে শনিবার সন্ধ্যা নাগাদ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে রাত ১০টার দিকে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা নাগাদ রাজধানী ঢাকা ও আশাপাশের এলাকায় বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি। সারাদেশের মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর অন্যান্য এলাকায় বৃষ্টি হলেও বিচ্ছিন্নভাবে সামান্য বৃষ্টি হতে পারে।

ঈদের দিন যেহেতু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, সেহেতু সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এতে দিনজুড়ে গরমের দাপট থাকতে পারে। তবে কোথাও কোথাও হালকা বৃষ্টিতে ক্ষণিকের জন্য সামান্য স্বস্তিও মিলতে পারে।

ঈদের দিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। সেইসঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

ঈদের পরদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ৮ জুন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে শুক্রবার সকাল থেকেই বিকাল পর্যন্ত সারাদেশেই থেমে থেমে বৃষ্টি হয়েছে। তবে বিকাল ৪টার পর থেকে আবহাওয়ার উন্নতি হয়। রাত ১০টায় প্রতিবেদন লেখা নাগাদ আবহাওয়া শুষ্ক ছিল। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা নাগাদ সারাদেশের মধ্যে সিলেটে সর্বোচ্চ ৮৪ মিলিমিটার এবং রাজধানীতে ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ দিন ফেনিতে সর্বোচ্চ ৩৭.৩ ডিগ্রী সেলসিয়াস এবং রাজধানীতে সর্বোচ্চ ৩৪.৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন