লোহালিয়া নদীর ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন এমপি মাসুদ

লোহালিয়া নদীর ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন এমপি মাসুদ
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ড. শফিকুল ইসলাম মাসুদ।

পটুয়াখালীর বাউফলে লোহালিয়া নদীর ওপর নির্মিতব্য নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনে সশরীরে উপস্থিত হয়ে দক্ষিণাঞ্চলের মানুষকে সম্মানিত করার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় স্পিকারের মাধ্যমে তিনি এই আমন্ত্রণ জানান।

বিজ্ঞাপন

সংসদে বক্তব্যের শুরুতেই লোহালিয়া নদীর ওপর নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণ অগ্রগতি ও সার্বিক বিষয়ে সড়ক যোগাযোগ মন্ত্রীর দেওয়া জবাবের জন্য আন্তরিক ধন্যবাদ জানান ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি উল্লেখ করেন, আগামী ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুতে এই গুরুত্বপূর্ণ সেতুটি উদ্বোধনের কথা রয়েছে। এ সময় তিনি সেতুটি উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে বাউফলে আসার অনুরোধ জানান।

সেতুটির পাশাপাশি দক্ষিণাঞ্চলের নৌপথের বর্তমান সংকটের চিত্রও সংসদে তুলে ধরেন এই সংসদ সদস্য। তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণের পর বরিশাল, ভোলা ও পটুয়াখালী অঞ্চলে নৌ-চলাচলভিত্তিক পর্যটন শিল্পের একটি নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি হয়েছে। নদী শুধু চলাচলের মাধ্যম নয়; বরং কৃষি, মৎস্য, সেচ, বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের সাথে সরাসরি সম্পৃক্ত।

তবে নাব্যতা সংকট ও শীত মৌসুমে কুয়াশার কারণে দক্ষিণাঞ্চলের লঞ্চ শিল্প প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এবং এই শিল্পটি ধ্বংসের পথে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি জানান, পটুয়াখালী, বাউফল ও ভোলা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো নাব্যতা সংকটের কারণে প্রায়ই ডুবোচরে আটকা পড়ে এবং গন্তব্যে পৌঁছাতে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত বেজে যায়।

বক্তব্যের শেষে বরিশাল, ভোলা ও পটুয়াখালীসহ সারা দেশের নৌপথের নাব্যতা সংকট নিরসন এবং নৌ-চলাচল সহজ ও সচল রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কী কী উদ্যোগ গ্রহণ করছে, স্পিকারের মাধ্যমে তা জানতে চান সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...