হৃদরোগে মৃত্যুর ঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

হৃদরোগে মৃত্যুর ঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর
ছবি: আমার দেশ

হৃদরোগে মৃত্যুর ঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকার একটি হোটেলে ‘বিশ্ব হার্ট দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ তাগিদ দেন।

তিনি বলেন, হৃদরোগের কোনো সতর্কসংকেত বা লক্ষণকে উপেক্ষা করা যাবে না। অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করেন। তাই হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সবাই সচেতন এবং সচেতনতার গুরুত্ব উপলব্ধি করি। কিন্তু অনেক সময় সেই সচেতনতাকে বাস্তব জীবনে কার্যকর করি না। হৃদরোগের ক্ষেত্রে এই প্রবণতা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

চিকিৎসকদের সমাজের শ্রেষ্ঠ মানুষ উল্লেখ করে সরদার সাখাওয়াত হোসেন বলেন, স্রষ্টার পরেই চিকিৎসকেরাই মানুষের ভরসাস্থল। মানুষের দুঃসময়ে চিকিৎসকরাই সবার আগে পাশে দাঁড়ান। করোনাকালীন মহামারি থেকে শুরু করে ডেঙ্গু ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবন ও নিরাপত্তার কথা না ভেবে মানুষের সেবায় নিয়োজিত থেকেছেন। তাদের এই মানবিক ও পেশাগত দায়িত্ববোধ দেশের মানুষের জন্য অনুকরণীয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হাসান, প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. আ ফ খবির উদ্দিন আহমেদ।

এর আগে মন্ত্রী সুপার স্পেশালাইজড হাসপাতাল বিএমইউ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বিশ্ব হার্ট দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং দিবসটি উপলক্ষ্যে আয়োজিত র‍্যালিতে অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন