আষাঢ়ের শুরুতে বৃষ্টির বদলে তাপপ্রবাহ

ফের দেশজুড়ে ভ্যাপসা গরম

স্টাফ রিপোর্টার

ফের দেশজুড়ে ভ্যাপসা গরম

ঋতুবৈচিত্র্যের ষড়ঋতুর দেশের দ্বিতীয় ঋতু বর্ষা তথা আষাঢ়ের প্রথম দিনে সোমবার সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপপ্রবাহ শুরু হয়েছে। এতে দেশজুড়ে তাপমাত্রা বেড়ে আবারো ভ্যাপসা গরম দেখা দিয়েছে। এ অবস্থা আরো দুইদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও খুলনা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। সোমবার সারাদেশের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ দিন রাজধানীর তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিনের তুলনায় সারাদেশেই তাপমাত্রা বেড়েছে। সোমবার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালিতে ৭৮ মিলিমিটার । এদিন রাজধানীতে এক মিলিমিটারেরও কম বৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে সোমবার সন্ধ্যা ছয়টার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু দেশের উপর মোটামুটিভাবে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এতে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা আমার দেশকে বলেন, আবহাওয়া বিজ্ঞানের দৃষ্টিতে বর্ষা শুরু আষাঢ়ের প্রথম দিন থেকে নয়, বরং জুনের প্রথম দিন থেকে। সেদিক থেকে জুনের প্রথম থেকে বেশ কয়েক ভালোই বৃষ্টি হয়েছে। গত সোমবারও ফেনিতে ৭৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এছাড়া দুইদিন আগে রাজধানীতেও শনিবার ৩৫ ও শুক্রবার ৪৩ মিলিমিটার হয়। এখন নানা কারণে আবারো তাপপ্রবাহ শুরু হয়েছে; তা আরো দুইদিন থাকতে পারে।

তিনি আরো বলেন, মঙ্গলবারও সারা দেশে কম বেশি বৃষ্টি হবে। তবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। বর্ধিত পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়বে। তিনি আরো বলেন, এই সময়ে বৃষ্টি হলেও তা অনেকটাই উষ্ণ বৃষ্টি, মেঘামালা জমিনের খুব কাছাকাছি অবস্থান করায় বৃষ্টি হলেও তা ঠাণ্ডা বয়ে আনছে না। এছাড়াও বেশি সময় ধরেও বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা সহজে কমে না; বরং ভ্যাপসা গরম অনুভুত হয়।

প্রসঙ্গত, এবার মৌসুমের সবচেয়ে উষ্ণতম এপ্রিল-মে মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হলেও জনু-জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। এছাড়া জুন-জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...