রাজধানীতে দুর্ধর্ষ ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীতে দুর্ধর্ষ ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

রাজধানীর কদমতলী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুর্ধর্ষ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি লালবাগ বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রুবেল (৩১), হাসান উদ্দিন (৩০), মো. রাশেদ (২৯) ও মো. বিপ্লব শেখ (৩১)। এসময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি খেলনা রিভলবার ও দুটি ব্যবহৃত (ফায়ারড) সীসার তৈরি বুলেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে কদমতলীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

ডিবি লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কদমতলীর মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দক্ষিণ পাড়ে ফুটওভার ব্রিজের নিকটে রাস্তার ওপর কয়েকজন দুষ্কৃতকারী অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবির টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় উক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের সাথে থাকা ৪/৫ জন দুষ্কৃতকারী দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরাসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে কদমতলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ডিবি লালবাগ বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা মাতুয়াইল এলাকাসহ আশেপাশে ডাকাতির উদ্দেশে উক্ত স্থানে একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন