দুদকের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৪

দুদকের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৪

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নামে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সংস্থাটির কর্মকর্তা পরিচয়ে ঘুস চাওয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ যে ভিডিও ক্লিপ সামাজিকমাধ্যমে প্রকাশ করেছিলেন, সেটি নিয়ে অনুসন্ধান চালানোর পর প্রতারণার প্রমাণ পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এ তথ্য জানান।

বিজ্ঞাপন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সেলিম, তরিকুল ইসলাম, মো. আতিক এবং আবদুল হাই সোহাগ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি সনি ডিজিটাল এইচডি ক্যামেরা, বুম, সেলফি স্টিক, দুটি পাসপোর্ট, সমকাল পত্রিকার নামে থাকা একটি আইডি কার্ড এবং সমকাল, এশিয়ান টিভি, এফসি টিভিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পদধারী সোহাগ পাটোয়ারীর ভিজিটিং কার্ড, সোনালী ব্যাংকের চেকবই, ছয়টি মোবাইল ফোন এবং ১৩টি সিমকার্ড জব্দ করা হয়।

দুদক জানায়, এ নিয়ে চলতি বছর প্রতারণার অভিযোগে ঢাকাসহ সারা দেশে তিনটি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১১ জনকে।

দুদক কর্মকর্তা আক্তার বলেন, দুদকের নাম ব্যবহার করে প্রতারণা করলে আমরা জনগণকে বলব, তারা যাতে বিষয়টি দুদককে জানান। সেটি সরাসরি এবং দুদকের হটলাইন রয়েছে, সেখানে অভিযোগ করতে পারেন। প্রতারণার সঙ্গে দুদকের কর্মকর্তারা জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন