মাদক বিক্রেতাদের হাতেনাতে ধরলেন ইশরাক, গুঁড়িয়ে দিলেন আস্তানা

মাদক বিক্রেতাদের হাতেনাতে ধরলেন ইশরাক, গুঁড়িয়ে দিলেন আস্তানা

রাজধানীর ঢাকা-৬ সংসদীয় এলাকার গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন চিহ্নিত মাদকের আস্তানায় সশরীরে ঝটিকা অভিযান চালিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় মঙ্গলবার ঢাকা-৬ এলাকার বিভিন্ন পয়েন্টে এই সমন্বিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ঘটনাস্থলেই মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে কয়েকজনকে হাতেনাতে ধরা হয় এবং তাদের আস্তানা গুঁড়িয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, আজকের পর থেকে যারা নেশা করবে, তাদের কী করব—সেটা এখন মুখে বলতে পারছি না। তবে তাদের উচিত শিক্ষা দেওয়া হবে। আপনারা যারা মাদক বিক্রি করছেন ও সরবরাহ করছেন, আপনারা দেশ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করছেন।

স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে ও অপরাধীদের সতর্ক করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এসেছি। এখন থেকে কোথাও মাদকের অস্তিত্ব পাওয়া গেলে কঠিন শাস্তি ও বিচারের মুখোমুখি হতে হবে। আর যারা মাদক সেবন করতে আসেন, দয়া করে আর আসবেন না—এটি শেষ সতর্কবার্তা। একজন সংসদ সদস্য হিসেবে আমার দায়দায়িত্ব অনেক; যারা মূল সরবরাহকারী, দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে।

মাদক সিন্ডিকেটের শিকড় উপড়ে ফেলতে গেন্ডারিয়া, মুন্সিরটেক ও ঘুণ্টিঘরসহ সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর বিশেষ নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন