স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে বিদ্যমান সকল শুল্ক-কর অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত একটি এস আর ও জারি করেছে বলে সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জারীকৃত এসআরও অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনে সবধরনের কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক, আগাম কর এবং অগ্রিম আয়করসহ সমূদয় শুল্ক-করাদি অব্যাহতি প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান নিজে ইলেকট্রিক বাস আমদানি করলে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে অন্য কেউ শিক্ষার্থী পরিবহনের উদ্দেশে উক্ত গাড়ি আমদানি করলে সকলেই উক্ত কর অব্যাহতি সুবিধা পাবেন। শিক্ষার্থী পরিবহনের উদ্দেশে এসকল গাড়ির রঙ হবে হলুদ। উক্ত বাস সমূহে স্কুল/কলেজ/ স্টুডেন্ট বাস অথবা ট্রান্সপোর্ট শব্দগুলো সহজে দৃষ্টিগোচর হয় এমন করে সুস্পষ্টভাবে লিখতে হবে।
এতে আরও বলা হয়েছে, কোনো প্রকার শুল্ক-কর পরিশোধ ব্যতিরেকে শিক্ষার্থী পরিবহনের লক্ষে উক্ত বাস আমদানির জন্য আমদানিকারক প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করলে জাতীয় রাজস্ব বোর্ড ১০ কার্যদিবসের মধ্যে উক্ত আবেদন নিষ্পত্তি করবে।
এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থী পরিবহনের অনুরূপ সাধারণ যাত্রীগণের জন্য পরিচালিত বাস আমদানিতে শুল্ক-করাদি হ্রাসের বিষয়ও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। সাধারণ যাত্রীদের ব্যবহারের উদ্দেশ্যে ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক-করাদি হ্রাস করা হলে যাত্রীগণ ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে আধুনিক ও আরামদায়ক ইলেকট্রিক বাস ব্যবহার করবে বিধায় দেশের বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয় হবে এবং সাধারণের যাতায়াত ব্যয় উল্লেখযোগ্য পরিমাb হ্রাস পাবে।
এদিকে, শিক্ষার্থীদের জন্য পরিবেশ বান্ধব ইলেকট্রিক স্কুল বাস আমদানিতে সকল প্রকারের শুল্ক করাদি প্রত্যাহারের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ সাশ্রয়ী খরচে শিক্ষার্থী পরিবহনে আধুনিক ও পরিবেশ বান্ধব বাসের ব্যবস্থা করতে পারবে বলে মনে করছে এনবিআর। এতে উন্নত ও আরামদায়ক পরিবহনে একসাথে অনেক শিক্ষার্থী স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াত করতে পারবে বিধায় দেশের তীব্র যানজট নিরসন হবে, বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয় হবে এবং সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াত বাবদ অভিভাবকগণের খরচ বহুলাংশে হ্রাস পাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

