আপনারা যেটাকে মব বলছেন, আমি সেটাকে ক্ষোভের বহিঃপ্রকাশ বলছি: প্রেস সচিব

আপনারা যেটাকে মব বলছেন, আমি সেটাকে ক্ষোভের বহিঃপ্রকাশ বলছি: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আপনারা যেটাকে মব বলছেন, আমি সেগুলোকে মব বলছি না, এটা প্রেসার। যারা ১৫ বছর ধরে নিপীড়িত হয়েছেন, তারা ক্ষোভ প্রকাশ করছেন। শেখ হাসিনার আমলে গণমাধ্যমে একক নিয়ন্ত্রণের যুগ আমরা দেখেছি। সাংবাদিকদের মুখ বন্ধ করতে ওই আমলে প্রশাসনিক চাপ, সামাজিক চাপ ও অর্থনৈতিক চাপ দেওয়া হতো। আমরা চাই না সেগুলো আমাদের আমলে হোক।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও আইন বিশ্লেষণ’ শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুল আলম।

তিনি বলেন, মন্ত্রী, ডিজিএফআই, ডিবি ও সিটিটিসি থেকে ফোন দিয়ে সাংবাদিকদের ওপর চাপ প্রয়োগ করা হতো। আমরা কাউকে গ্রেপ্তার করছি না, বরং ভুল সংবাদ সম্পর্কে সংশ্লিষ্ট সাংবাদিকদের জানিয়ে দিচ্ছ। ইতোমধ্যেই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে।

অতীতে দলীয়করণের মাধ্যমে সাংবাদিকদের নানা সুবিধা দেয়া হতো উল্লেখ করে শফিকুল আলম বলেন, বিগত সময়ে শেখ হাসিনার পক্ষে কাজ করা কিছু সাংবাদিকের অ্যাকাউন্টে হাজার কোটি টাকার লেনদেন পাওয়া গেছে। যারা ১৫ বছর ধরে অপ-সাংবাদিকতা করেছেন, তারা এখনো ক্ষমা চাননি। তারা জামায়াত-শিবির বা জঙ্গি তকমা দিয়ে মানুষকে গুমের ভিত্তি তৈরি করেছিল। ২০২৪ সালের ২৮ জুলাই শীর্ষ কয়েকজন সাংবাদিক শেখ হাসিনাকে মানুষ হত্যায় উসকানি দেন, পুলিশ কেন গুলি করছে না’ এমন কথাও তোলা হয়। এখন আবার তারা নতুন সরকারকে সামনে রেখে সেই সুবিধা আদায়ের চেষ্টায় সক্রিয় হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন