বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণের দায়িত্বে থাকা সংস্থাগুলোতে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত অধিকার এবং অভিন্ন দাবির সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশ পাওয়ার সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
৩১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে প্রকৌশলী মো. মীর হোসেন পাটোয়ারী আহ্বায়ক হিসেবে এবং প্রকৌশলী মো. রেজাউল করিম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে একটি যৌথ সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়। এই সভায় নেসকোর নির্বাহী প্রকৌশলী এ কে এম মোরশেদুল আলম সভাপতিত্ব করেন, এবং পিজিসিবি পিএলসির উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন।
কমিটি গঠনে সহযোগিতা করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), পাওয়ার গ্রিড পিএলসি (পিসিবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), নর্দান ইলেকট্রিক কোম্পানি লিমিটেড, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো), আশুগঞ্জ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এপিজেসিএল), ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি), নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (নেসকো), রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল), বাংলাদেশ ইলেকট্রিফিকেশন বোর্ড (বিআরইবি), পল্লী বিদ্যুৎ সমিতি (পিবিএস), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (সিপিজিসিএল), বিআর পাওয়ার জেনারেশন লিমিটেডের প্রতিনিধি নেতৃবৃন্দ।
কমিটির গঠনকৃত সদস্যরা:
আহ্বায়ক: প্রকৌশলী মোঃ মীর হোসেন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক: প্রকৌশলী এ এস এম রেজ্জাকুল হায়দার,
সদস্য সচিব: প্রকৌশলী মোঃ রেজাউল করিম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব: প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, সদস্য (সাংগঠনিক): প্রকৌশলী মোঃ ওবায়দুল আলম।
এই কমিটি বাংলাদেশের পাওয়ার সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠানসমূহে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত ন্যায্য দাবি দাওয়ার বাস্তবায়নে কাজ করবে। তারা বিদ্যুৎ সেক্টরে বিরাজমান অস্থিরতা ও অনিয়ম দূরীকরণে কার্যকর ভূমিকা পালন করবে।
এছাড়াও, আগামী ৩ মাসের মধ্যে এই কমিটি সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন করবে এবং সংশ্লিষ্ট সংস্থা থেকে তা অনুমোদন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
কমিটির নেতৃবৃন্দ আশা করেন, এই সংগঠন পাওয়ার সেক্টরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত উন্নতি এবং কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিদ্যুৎ খাতে চলমান সমস্যা সমাধানে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

