খাগড়াছড়িতে নিজের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে পরিবারকে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিন সন্ত্রাসীকে শনাক্ত করে উপযুক্ত প্রমাণসহ মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম বলেন, খাগড়াছড়িতে আমার পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিন সন্ত্রাসীকে শনাক্ত করে উপযুক্ত প্রমাণসহ মামলা করা হয়েছে। এখন হামলাকারী, পরিকল্পনাকারী, মদদদাতা ও অর্থদাতাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব। আজকের ঘটনাসহ নিষিদ্ধ লীগের প্রতিটি অগ্নিসন্ত্রাস, হত্যাকাণ্ড, হামলা ও নৈরাজ্যের বিচার নিশ্চিত করতে হবে।
জুলাইপন্থী ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলা ও হত্যাকাণ্ডের পরও সরকারের নিষ্ক্রিয়তায় বিস্ময় প্রকাশ করে ডাকসু ভিপি স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করেন। তিনি লেখেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বারবার দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ও ব্যর্থতা জনগণের সহ্যের সীমা ছাড়িয়েছে। সংসদে দাঁড়িয়ে যিনি ১৮ কোটি মানুষের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন, নিষিদ্ধ লীগের অব্যাহত সন্ত্রাস ও হামলা অস্বীকার করে আজগুবি বক্তব্য ও হাস্যকর মন্তব্যের মাধ্যমে নিজের ব্যর্থতা আড়াল করতে চান, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের প্রয়োজন নেই।
হামলার পর সকাল থেকে যারা পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাদিক কায়েম উল্লেখ করেন, বিরোধী দলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, জামায়াত ও ছাত্রশিবিরের সর্বস্তরের দায়িত্বশীল, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল ও ছাত্রসংগঠন, ডাকসুসহ বিভিন্ন ছাত্রসংসদের নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবের সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছেন। বিশেষ করে তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে পরিবারের সহায়তায় দাঁড়ানোর জন্য প্রতিবেশী ও এলাকাবাসীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ডাকসু ভিপি আরো বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভুলে গেছে, শেখ হাসিনার মতো বিশ্বাসঘাতকরাই পালায়, দেশপ্রেমিকরা নয়। আমরা তিতুমীর, শরিয়তউল্লাহ, ঈসা খাঁ ও শহীদ ওসমান হাদির সংগ্রামের উত্তরসূরি। এসব কাপুরুষোচিত হামলা আমাদের মনোবল আরও দৃঢ় করেছে। আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম এখন আরও দ্বিগুণ শক্তিতে চলবে। এই দেশের মাটি থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও আধিপত্যবাদের সব রাজনৈতিক ও সাংগঠনিক ভিত্তি উৎখাত করেই ছাড়ব, ইনশাআল্লাহ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




