সেমিনারে দিলারা চৌধুরী

আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ তুলসী গ্যাবার্ডের বক্তব্য

আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ তুলসী গ্যাবার্ডের বক্তব্য

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেছেন, ‘তুলসী গ্যাবার্ডের বক্তব্য আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। তুলসী গ্যাবার্ড বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। কিন্তু কোথায় নির্যাতিত হচ্ছে, কে নির্যাতিত হচ্ছে তিনি তা বলেননি। তাকে সেটি স্পষ্ট করতে হবে।’

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ‘গণশক্তি সভা’ আয়োজিত ‘ষড়যন্ত্র তত্ত্ব ও তুলসী গ্যাবার্ড’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সেমিনারে ড. দিলারা চৌধুরী বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্রের শিকার। বাংলাদেশের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। এ জন্য বাংলাদেশকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। তিনি বলেন, ভারত মনে করে চীনকে কব্জা করতে হলে আগে বাংলাদেশকে কব্জা করতে হবে। কারণ বাংলাদেশকে কব্জা করতে না পারলে ভারত কখনো চীনকে কব্জা করতে পারবে না। অন্যদিকে ভারতের যেই বৃহৎ উদ্দেশ্য ইন্ডিয়ান ওশান নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবে না। সে জন্য ভারত এ দেশে এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চায়, যেই সরকার ভারতের এজেন্ডা বাস্তবায়নে সহায়ক সরকার হবে। আগামীতে ভারতের সহায়ক সরকার যাতে এ দেশে প্রতিষ্ঠা না হয় সেদিকে সব রাজনৈতিক দল ও দেশের সচেতন নাগরিকদের সজাগ থাকতে আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণশক্তি সভার সভাপতি সাংবাদিক সাদেক রহমান। অধ্যাপক ড. দেওয়ান সাজ্জাদের সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক, কলামিস্ট হাবিবুর রহমান পলাশ।

এ সময় হাবিবুর রহমান পলাশ বলেন, তুলসী গ্যাবার্ডের এই বক্তব্য অনেকটা প্রিয়া সাহার কথার পুনরাবৃত্তি। যিনি যুক্তরাষ্ট্র সফরে ২০১৯ সালে ট্রাম্পের হাত ধরে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে অপপ্রচার করেন এবং ট্রাম্পকে সহায়তা করার অনুরোধ জানান।

বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন আইনজীবী শাহ মোহাম্মদ মাহফুজুল হক, ড. মো. হুমায়ুন কবির, কলামিস্ট ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর আলম, জাতীয় নাগরিক পরিষদের চেয়ারম্যান আব্দুল আহাদ নূর, গণ মুক্তিজোটের কো-চেয়ারম্যান আক্তার হোসেন, অধ্যাপক মেহেদী হাসান, বিশিষ্ট গবেষক আলাউদ্দিন কামরুল, মানবাধিকারকর্মী রুহুল আমিন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন