বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে আবারও বড় ধরনের রদবদল আনা হয়েছে। রেঞ্জ, মেট্রোপলিটন ও বিশেষায়িত ইউনিটগুলোতে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) এবং উপপুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার মোট ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন পদে পদায়ন করেছে সরকার।
বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এর মাধ্যমে রংপুর ও বরিশাল রেঞ্জে নতুন শীর্ষ নেতৃত্ব পদায়নের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং হাইওয়ে পুলিশেও ব্যাপক পরিবর্তন আনা হলো।
দুই রেঞ্জে নতুন ডিআইজি
জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। চলতি বছরের এপ্রিলে তিনি আরএমপি কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন; এর আগে তিনি হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস-পূর্ব) পদে কর্মরত ছিলেন।
অন্যদিকে, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারকে বরিশাল রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে। এই দুই কর্মকর্তা স্ব-স্ব বিভাগের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জেলা পর্যায়ের প্রশাসনিক কাজ সমন্বয় করবেন।
অতিরিক্ত ডিআইজি পর্যায়ে রদবদল
হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই ইউনিটের অতিরিক্ত ডিআইজি মীর মোদাছ্ছের হোসেনকে রাজশাহী সারদার বাংলাদেশ পুলিশ একাডেমিতে পাঠানো হয়েছে। এছাড়া র্যাবে কর্মরত অতিরিক্ত ডিআইজি মো. ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে নতুন পদায়ন করা হয়েছে।
ডিএমপিতে চার নতুন উপপুলিশ কমিশনার
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. শরফুদ্দীন, এপিবিএনের পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. আক্তার হোসেন এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফকে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
গাজীপুর, কুষ্টিয়া ও খুলনায় নতুন পুলিশ সুপার
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে গাজীপুরের নতুন পুলিশ সুপার করা হয়েছে। গাজীপুরের বর্তমান পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে বদলি করা হয়েছে হাইওয়ে পুলিশে। সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ার নতুন এসপি করা হয়েছে।
এছাড়া খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে বদলি করে তার স্থলে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনার নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিশেষ শাখা ও ট্রেনিং ইনস্টিটিউট
বিশেষ শাখার (এসবি) সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি জেরিন আখতারকে টাঙ্গাইল পিটিসিতে এবং মোহাম্মদ এহসান সাত্তারকে খুলনা পিটিসিতে পদায়ন করা হয়েছে। এএসপি (সুপারনিউমারারি এসপি) মো. জাহাঙ্গীর আলমকে এসবি থেকে নোয়াখালী পিটিসিতে পাঠানো হয়েছে। অন্যদিকে, হাইওয়ে পুলিশের সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খানকে এসবি ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এমআরটির পুলিশ সুপার ডা. কানিজ হোসেন জাহান ও নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ একাধিক কর্মকর্তাকে এপিবিএন ও হাইওয়ে পুলিশের নতুন দায়িত্বে নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এটি পুলিশের চলমান প্রশাসনিক পুনর্বিন্যাস ও নিয়মিত রদবদলেরই একটি অংশ। তবে প্রজ্ঞাপনে বরাবরের মতোই কোনো বিশেষ কারণ উল্লেখ না করে পদায়নগুলোকে ‘জনস্বার্থে জারীকৃত’ হিসেবে উল্লেখ করা হয়েছে। নতুন পদায়নকৃত কর্মকর্তারা দ্রুতই নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


