জানাল বিদ্যুৎ বিভাগ

বিদ্যুৎ সাশ্রয়ে কড়াকড়ি, রাত ৮টায় মার্কেট-দোকান বন্ধ

বিদ্যুৎ সাশ্রয়ে কড়াকড়ি, রাত ৮টায় মার্কেট-দোকান বন্ধ
রাত ৮টায় মার্কেট-দোকান বন্ধ। ফাইল ছবি

বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি ব্যবহারে মিতব্যয়িতা নিশ্চিত করতে দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একই সঙ্গে আলোকিত বিলবোর্ড রাত ৭টার মধ্যে বন্ধ করতে হবে এবং সব ধরনের আলোকসজ্জাও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। জারি করা ওই স্মারকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, এর আগে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত ছিল। তবে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা হবে। একই সঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে।

সরকারের এ সিদ্ধান্ত দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এসব আয়োজনের ক্ষেত্রে রাত ৮টার মধ্যে অনুষ্ঠান শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে সাধারণ মানুষের জরুরি প্রয়োজনের বিষয়টি বিবেচনায় রেখে কয়েকটি প্রতিষ্ঠানকে এ নির্দেশনার আওতামুক্ত রাখা হয়েছে। স্মারকে উল্লেখ করা হয়েছে, খাবারের দোকান, হাসপাতাল এবং ওষুধের দোকান এ সময়সীমার আওতার বাইরে থাকবে। অর্থাৎ এসব প্রতিষ্ঠান প্রয়োজন অনুযায়ী তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় বলা হয়, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি অপ্রয়োজনীয় আলোকসজ্জা ও বিদ্যুতের অপচয় রোধে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে সন্ধ্যার পর বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের আলোকসজ্জা, বিলবোর্ড ও অন্যান্য বিদ্যুৎনির্ভর প্রচারণামূলক কার্যক্রম নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন