প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে বাংলাদেশকে বুকে ধারণ করে কাজ করছেন। দেশের উন্নয়ন হলে সবার উন্নয়ন হবে এবং প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের মানুষের কাঙ্ক্ষিত ভাগ্যের পরিবর্তন ঘটবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে 'মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬' উপলক্ষ্যে আয়োজিত সচেতনতা সভা ও জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিবচর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ ও জিআই পণ্য। এর প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এই সময়ে কেউ যাতে নদীতে ইলিশ ধরতে না পারে, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর দায়িত্ব পালন করতে হবে।

মাদারীপুরকে ইলিশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পদ্মা নদীতে সুস্বাদু রুপালি ইলিশ পাওয়া যায়। ইলিশের উৎপাদন বৃদ্ধি পেলে এর সুফল সবচেয়ে বেশি পাবেন জেলেরাই। মাত্র ২২ দিনের এই নিষেধাজ্ঞা অমান্য না করে এটিকে ভবিষ্যতের সম্পদ হিসেবে দেখতে হবে। এই সময় ইলিশ ধরা বন্ধ রাখলে উৎপাদন বাড়বে এবং জেলেদের আয় ও জীবনমান উন্নত হবে।

‘জাল যার, জলা তার’ নীতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সরকার জেলেদের পাশে রয়েছে এবং তাদের স্বার্থ রক্ষায় কাজ করছে। নিষেধাজ্ঞার সময়ে জেলে পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। ইলিশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।

মাদারীপুরের জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী, মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক মো. আহসান হাবীব খান এবং জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার। এ ছাড়া শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ জেলে ও ভিজিএফের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রধান অতিথি হিসেবে ১৫১ জন জেলে পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে সরকারি সহায়তার ভিজিএফ চাল বিতরণ করেন প্রতিমন্ত্রী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন