জুলাই হত্যার বিচার আইসিসিতে পাঠানোর কথা ভাবছে সরকার: প্রেস সচিব

জুলাই হত্যার বিচার আইসিসিতে পাঠানোর কথা ভাবছে সরকার: প্রেস সচিব

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়টি বিভিন্নভাবে উঠে আসছে।

সোমবার ওই হত্যাকাণ্ডের বিচারের বিষয়টি নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর সুযোগ আছে কিনা তা সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিজ্ঞাপন

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে তিনি আরও বলেন, এটি পাঠাতে পারলে সুবিধা হচ্ছে সারা বিশ্বের মানুষ দেখতে পারবে কি নৃশংসভাবে বাংলাদেশে গণহত্যা চালান হয়েছে। তবে এক্ষেত্রে বাংলাদেশের স্বার্থেই সিদ্ধান্ত নেয়া হবে।

গণমাধ্যমটি জানায়, বাংলাদেশে ব্যাপক প্রাণহানির তথ্য-উপাত্ত পেয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউশন টিম, চলছে সেগুলোর বিচার-বিশ্লেষণ।

ই-মেইলে তাদের জানানো হয়েছে, বাংলাদেশ চাইলে কারিগরি সহযোগিতা দিতে প্রস্তুত অপরাধ আদালত।

রোম আইনের বলে ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ আদালত। জেনোসাইড, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার হয় এতে। ১২৫টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশও এর সদস্য।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন