শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মানব পাচার চক্রের ১ সদস্য গ্রেপ্তার করেছে সিআইডি। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, সকাল ৬টা ৩১ মিনিটে লিবিয়ার রাজধানী ত্রিপলিস্থ বাংলাদেশ হাইকমিশনের দেয়া আউটপাসে দেশে ফেরেন ১৭৫ জন বাংলাদেশি নাগরিক। চার্টার ফ্লাইট (UZ-222) যোগে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে তথ্য লিপিবদ্ধকরণের সময় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সহযোগিতায় মানব পাচার চক্রের একজন এজাহারভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম সাখাওয়াত হোসেন (৪২)। তিনি দীর্ঘদিন ধরে লিবিয়ায় মাফিয়া সিন্ডিকেট পরিচালনা ও অপহরণের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানা মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা রয়েছে। এছাড়া প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় আরেকটি দায়েরকৃত মামলার তথ্য পাওয়া গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, অভিযুক্ত সাখাওয়াত হোসেন ৪০০/৫০০ বাংলাদেশী নাগরিককে ৪টি বোটে করে লিবিয়া থেকে ইতালিতে অবৈধভাবে প্রবেশ করানোর কথা স্বীকার করে। এর মাধ্যমে সে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।
জিজ্ঞাসাবাদে আরও কয়েকজন মানব পাচারকারী ও সহযোগীর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে রয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক হেলপার মো. শওকত আলী (৪৭)। এছাড়া অজ্ঞাতনামা ৪/৫ জন সহযোগীর নামও উঠে এসেছে। যারা বিদেশে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের পাচার, আটক ও মুক্তিপণ আদায়ে সক্রিয় ছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

