বাংলাদেশ থেকে ভারতে পোশাকের অর্ডার সরাচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো

বাংলাদেশ থেকে ভারতে পোশাকের অর্ডার সরাচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো

জারা ও এইচঅ্যান্ডএমের মতো বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো নভেম্বরের প্রথমার্ধে বাংলাদেশ থেকে তাদের মাসিক পোশাকের অর্ডারের প্রায় এক-দশমাংশ এশিয়ার অন্যান্য উৎপাদনকেন্দ্রে সরিয়ে নিয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়া এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে যাওয়াই এর কারণ বলে জানিয়েছেন কয়েকজন কারখানার মালিক।

বিজ্ঞাপন

কারখানার মালিকদের ভাষ্য , ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বিভিন্ন ব্র্যান্ড বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলার (প্রায় ৩১২৫ কোটি টাকা) মূল্যের পোশাকের অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছে। এসব অর্ডারের অধিকাংশই গেছে প্রতিবেশী দেশ ভারতে।

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি তৈরি পোশাক খাতের জন্য এই অর্ডার স্থানান্তর বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। শুধু বর্তমান শ্রমিক অসন্তোষের মধ্যেই এই প্রবণতা সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতেও অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াও লাভবান হচ্ছে

অর্ডার স্থানান্তরের ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ভারত। তবে সরবরাহব্যবস্থার ঝুঁকি কমানো এবং সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করতে ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন বলে জানিয়েছেন তৈরি পোশাকশিল্পের নেতারা।

বুধবার এসব চাপ আরো বেড়ে যায়, যখন বাংলাদেশ সরকার তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দেয়। তবে গত চার দশকের মধ্যে এটিই ছিল সবচেয়ে কম মজুরি বৃদ্ধির হার।

মজুরি দ্বিগুণেরও বেশি করার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের প্রত্যাশা পূরণে এই বৃদ্ধির হার যথেষ্ট ছিল না। ফলে পুলিশের সঙ্গে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তারাফদার বলেন, মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত ‘সন্তোষজনক’। তিনি আশা প্রকাশ করেন, শনিবার থেকে সব পোশাকশ্রমিক কাজে ফিরে আসবেন।

শিল্প খাতের নেতারা বলেছেন, মজুরি বাড়ানোর এই সিদ্ধান্তের ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয়ের যে প্রতিযোগিতামূলক সুবিধা রয়েছে, তা আরো কমে আসবে। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, বৈশ্বিক পোশাকশিল্পের মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের শ্রমিকদের মজুরি এখনো অনেক কম।

আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে ওই কারখানার মালিকেরা জানান, শ্রমিক অসন্তোষের কারণে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার, সেলিওসহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশ থেকে তাদের পোশাকের অর্ডার অন্য দেশে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। এসব অর্ডারের বড় অংশই পেয়েছে ভারত।

জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স কোনো মন্তব্য করতে রাজি হয়নি। অন্যদিকে, মার্কস অ্যান্ড স্পেনসার , এইচঅ্যান্ডএম এবং সেলিও মন্তব্য চেয়ে পাঠানো অনুরোধের কোনো জবাব দেয়নি।

এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর ভারতের পোশাক খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়ে যায়। এর মধ্যে গোকালদাস এক্সপোর্টসের শেয়ারের দাম সর্বোচ্চ ১১ শতাংশ পর্যন্ত বেড়েছে এবং ট্রাইডেন্টের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ। সম্ভাব্য অন্যান্য লাভবান প্রতিষ্ঠান ওয়েলস্পান লিভিং , কেপিআর মিল এবং বর্ধমান টেক্সটাইলসের শেয়ারের দামও প্রায় ২ শতাংশ করে বেড়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এম. মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি, ইউটিলিটি বা সেবা খাতের ব্যয় এবং কাঁচামালের দাম বৃদ্ধি—সবকিছু মিলিয়ে পোশাক প্রস্তুতকারকদের ওপর চাপ আরো বাড়ছে।

তিনি বলেন, ‘এমন এক সময়ে মজুরি বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় বেড়েছে, যখন ক্রেতারা পণ্যের দাম আরো কমানোর দাবি জানাচ্ছেন এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলো থেকে পোশাক সংগ্রহের প্রতিযোগিতা তীব্র হচ্ছে।’

সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম প্রকাশ করতে রাজি হননি। তবে তিনি বলেন, সাময়িকভাবে কিছু অর্ডার অন্য দেশে সরিয়ে নেওয়ার ফলে আর্থিক ক্ষতি কমিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ধরে রাখা সম্ভব হয় ।

ব্যবসা-বাণিজ্যে আরো ঝুঁকি বাড়ছে

কারখানার মালিকেরা জানিয়েছেন, বড় উদ্বেগের বিষয় হলো, ইতিমধ্যে অন্য দেশে সরিয়ে নেওয়া অর্ডারগুলোর পাশাপাশি ভবিষ্যতের ব্যবসাও হারাতে পারে বাংলাদেশ। কারণ, পোশাক কোথা থেকে সংগ্রহ করা হবে, তা নিয়ে ক্রেতারা নতুন করে ভাবনাচিন্তা করছেন।

মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি সংকট আরো তীব্র হয়েছে। দীর্ঘস্থায়ী এই জ্বালানি সংকট উৎপাদন ব্যাহত করছে এবং কিছু কারখানাকে তুলনামূলক বেশি ব্যয়বহুল বিকল্প জ্বালানির উৎসের ওপর নির্ভর করতে বাধ্য করছে।

মহিউদ্দিন চৌধুরী বলেন, সরবরাহকারী বাছাইয়ের ক্ষেত্রে ক্রেতারা এখন পণ্যের দামের চেয়ে সরবরাহের সময়সীমাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

তিনি বলেন, ‘ব্র্যান্ডগুলো যখন কঠোর সময়সীমার মধ্যে পণ্য সরবরাহের চাপের মুখে থাকে, তখন দামের বিষয়টি তাদের কাছে গৌণ হয়ে যায়।’

মহিউদ্দিন চৌধুরীর মতে, ভারত ক্রেতাদের প্রায় এক সপ্তাহ কম সময়ে পণ্য সরবরাহের সুবিধা দিতে পারে। অন্যদিকে, ভিয়েতনাম ও কম্বোডিয়া পণ্য সরবরাহের সময়সীমা সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত কমিয়ে আনতে পারে।

তিনি আরো বলেন, প্রতিদ্বন্দ্বী দেশগুলোর উৎপাদনকেন্দ্রগুলো সাধারণত ৬০ থেকে ৯০ দিনের মধ্যে পোশাক উৎপাদন ও সরবরাহ সম্পন্ন করতে পারে। বিপরীতে বাংলাদেশে এ কাজ শেষ করতে প্রায় ১২০ দিন সময় লাগে।

উৎপাদন ব্যাহত হওয়ায় কারখানাগুলোতে কাজের জটও তৈরি হয়েছে। ঢাকার আশপাশের পোশাক কারখানাগুলো আনুমানিক ২০ থেকে ২৫ কর্মদিবসের উৎপাদন হারিয়েছে। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের প্রতিশ্রুতি রক্ষা করতে কিছু কারখানা অতিরিক্ত সময় কাজ করানো এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর কথা বিবেচনা করছে।

ইউরোপীয় ব্র্যান্ডগুলোর জন্য প্রধানত পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যালপস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম বলেন, শ্রমিক অসন্তোষের প্রভাব ইতিমধ্যে নতুন ব্যবসার ওপর পড়তে শুরু করেছে।

আলম বলেন, ‘১ নভেম্বর থেকে শ্রমিক অসন্তোষের কারণে আমার অধিকাংশ ক্রেতা নতুন অর্ডার দেওয়া বন্ধ রেখেছেন। তারা আমাদের জানিয়েছেন, আমাদের অর্ডার অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে অথবা বাতিল করা হয়েছে। এরই মধ্যে তারা বিকল্প ব্যবস্থাও খুঁজে নিয়েছেন।’

ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ঢাকায় সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাও নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কা বাড়িয়েছে।

শিল্প খাতের নেতারা বলেছেন, আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখতে হলে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। মহিউদ্দিন চৌধুরী সতর্ক করে বলেন, অস্থিতিশীল পরিস্থিতির সময়ে যেসব অর্ডার অন্য দেশে সরিয়ে নেওয়া হয়, পরিস্থিতির উন্নতি হলেও সেসব অর্ডার আর বাংলাদেশে ফিরে না-ও আসতে পারে।

তিনি বলেন, ‘সাময়িকভাবে অন্য দেশে অর্ডার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত যাতে দীর্ঘমেয়াদি ক্রয়াদেশ স্থানান্তরের সিদ্ধান্তে পরিণত না হয়, তার আগেই ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। ব্র্যান্ডগুলোর হাতে বিকল্প রয়েছে। অস্থিতিশীলতা অব্যাহত থাকলে তারা আমাদের জন্য অপেক্ষা করবে না।’

সূত্র: রয়টার্স

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...