তনু হত্যা মামলা: জামিন স্থগিতের পর ফের গ্রেপ্তার হাফিজুর রহমান

তনু হত্যা মামলা: জামিন স্থগিতের পর ফের গ্রেপ্তার হাফিজুর রহমান

কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। উচ্চ আদালতের জামিনের আদেশ স্থগিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করায় আদালতের নির্দেশে তাকে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

আজ শনিবার (৮ আগস্ট) পিবিআই তাকে গ্রেপ্তার করে। পরে তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পিবিআইয়ের তথ্য অনুযায়ী, তনু হত্যা মামলায় গত ২২ এপ্রিল হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর উচ্চ আদালত থেকে জামিন পেয়ে গত ৪ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান।

তবে তার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ আগস্ট আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাফিজুর রহমানের জামিন স্থগিত করেন। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন আদালত।

আদালতের ওই নির্দেশনার পর হাফিজুর রহমানের অবস্থান শনাক্তে তৎপর হয় পিবিআই। পরে কেরানীগঞ্জের বাসায় তার অবস্থানের তথ্য পেয়ে আজ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই বলছে, আদালতের আদেশ যথাযথভাবে প্রতিপালন না করা এবং আসামির পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকায় আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লায় নেওয়ার পর সংশ্লিষ্ট আদালতে হাজির করা হবে।

২০১৬ সালের মার্চে কুমিল্লা সেনানিবাস এলাকায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর লাশ উদ্ধারের পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে আলোচিত এ মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়া নিয়ে নানা সময়ে প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে। মামলাটিতে নতুন করে হাফিজুর রহমানের গ্রেপ্তারের ঘটনাটি তদন্তের পরবর্তী ধাপ নিয়ে আবারও আলোচনার জন্ম দিয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন