আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচারের ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, এ বিষয়ে সব রিটার্নিং অফিসারকে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৬ অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ক্ষেত্রে প্রার্থী বা তার নির্বাচনি এজেন্টকে সংশ্লিষ্ট মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইলসহ পরিচয় সংক্রান্ত তথ্য প্রচার শুরুর আগে রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। এ ছাড়া বিধিমালার ২২(২) ধারায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি, বিজ্ঞাপন, বুস্টিং ও স্পন্সরশিপসহ সব ধরনের প্রচারণা ব্যয় নির্বাচনি ব্যয়ের অংশ হিসেবে নির্বাচন কমিশনে দাখিল করতে হবে।
ইসি নির্দেশনায় সামাজিক যোগাযোগমাধ্যমে হওয়া সব ব্যয় নির্বাচনি ব্যয়ের অন্তর্ভুক্ত করে রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়ার কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে কোনো কোনো সামাজিক যোগাযোগমাধ্যম রাজনৈতিক দল ও প্রার্থীরা ব্যবহার করছেন, সে তথ্য ইসি সচিবালয়ের জনসংযোগ শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

