বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের দায়িত্ব প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) এর সভাপতি অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক।
সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ইউটিএলের নেতারা বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শিক্ষক নিয়োগে রাজনৈতিক ও স্থানীয় প্রভাব, স্বজনপ্রীতি, ঘুষ ও অনিয়মের পুরোনো সুযোগগুলো পুনরায় ফিরে আসার আশঙ্কা রয়েছে। অথচ মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রধান শর্তই হলো মেধাবী, যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ।
২০১৫ সাল থেকে এনটিআরসিএ-এর মাধ্যমে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যে ব্যবস্থা চালু রয়েছে, তা প্রতিযোগিতামূলক পরীক্ষা ও মেধার ভিত্তিতে নিয়োগের সুযোগ সৃষ্টি করেছে এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা অনেকাংশে নিশ্চিত করেছে। এই ব্যবস্থার সীমাবদ্ধতা থাকলে তা সংস্কার ও আধুনিকায়ন করা প্রয়োজন; কোনোভাবেই অনিয়মের সুযোগ তৈরি করতে পারে এমন পুরানো ব্যবস্থায় ফিরে যাওয়া সমীচীন নয়।
ইউটিএল মনে করে, শিক্ষক নিয়োগ কোনো রাজনৈতিক, ব্যক্তিগত বা আর্থিক প্রভাবের বিষয় হতে পারে না। একজন শিক্ষককে তার মেধা, যোগ্যতা, দক্ষতা ও পেশাগত সক্ষমতার ভিত্তিতেই নিয়োগ দিতে হবে। প্রয়োজনে এনটিআরসিএ-র নিয়োগ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। কোনোভাবে এই দায়িত্ব ম্যানিজিং কমিটির হাতে ন্যাস্ত করা যাবেনা।
অতএব, ম্যানেজিং কমিটির মাধ্যমে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে মেধাভিত্তিক, স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নিয়োগ ব্যবস্থা বহাল ও আরও শক্তিশালী করার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


