ডেঙ্গু পরীক্ষায় কমল ফি, বেশি নিলে ব্যবস্থা: স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গু পরীক্ষায় কমল ফি, বেশি নিলে ব্যবস্থা: স্বাস্থ্য অধিদপ্তর

সরকারি ও বেসরকারি পর্যায়ে কমেছে ডেঙ্গু পরীক্ষার ফি। সরকারিতে এখন থেকে ৫০ টাকায় এবং বেসরকারি হাসপাতাল সর্বোচ্চ ৪শ টাকায় করা যাবে ডেঙ্গু পরীক্ষা।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মঈনুল আহসানের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষার এই ফি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। বেশি নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়েছে, সরকারি হাসপাতালে ডেঙ্গু নির্ণয়ের এনএস১, আইজিজি ও আইজিএম পরীক্ষার ফি হবে ৫০ টাকা। আর বেসরকারি হাসপাতালে এসব পরীক্ষার ফি হবে সর্বোচ্চ ৩০০ টাকা। এছাড়া সিবিস পরীক্ষায় নিতে হবে ৪০০ টাকা।

এর আগে ২০২৩ সালে দেশব্যাপী ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলে সরকারিতে ১০০ টাকা ও বেসরকারিতে ৫০০ টাকা নির্ধারণ করে দেয় সরকার। এতদিন এটাই ছিল। ওই বছর ডেঙ্গুতে রেকর্ড ৩ লাখ ২১ হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। একই সঙ্গে মারা যায় ১ হাজার ৭০৫ জন। এক বছরের মধ্যে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ ভর্তি রোগী ও মৃত্যু।

গত বছর সংক্রমণ কিছুটা কমে। তারপরও ২০২৪ সালে ১ লাখ ১ হাজারের বেশি আক্রান্ত ব্যক্তি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেন। এর মধ্যে অধিকাংশ সুস্থ হলেও মারা যান ৫৭৫ জন।

এদিকে চলতি বছর ছয় মাসে ১০ হাজার ২৯৬ জন ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তি প্রাতিষ্ঠানিক চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৪২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গতকাল রোববার সকাল থেকে ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪২৯ জন ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর একদিনে এটাই সর্বোচ্চ ভর্তি রোগী। এর মধ্যে ১৪৯ জনই বরিশাল বিভাগের বাসিন্দা। তবে এই সময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন