ইঙ্গিত প্রথম কলকাতার সম্পাদকের

সিদ্ধান্ত পরিবর্তনে পটু হাসিনা, ডিসেম্বরের ফেরার সিদ্ধান্তও বদলাবেন তিনি

সিদ্ধান্ত পরিবর্তনে পটু হাসিনা, ডিসেম্বরের ফেরার সিদ্ধান্তও বদলাবেন তিনি

ভিডিও প্রেস কনফারেন্সে আসার কথা থাকলেও সিদ্ধান্ত পরিবর্তন করে শেষ পর্যন্ত অডিওতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অল্প সময়ের ব্যবধানে সিদ্ধান্ত বদল করা হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা মানুষ কতটা বিশ্বাস করবে—এমন প্রশ্ন তুলেছেন ভারতীয় সংবাদমাধ্যম ‘প্রথম কলকাতা’-র সম্পাদক সুব্রত আচার্য।

বুধবার রাতে ‘প্রথম কলকাতা’-র ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সুব্রত আচার্য বলেন, ‘দীর্ঘ দুই বছর পর শেখ হাসিনাকে সরাসরি ভিডিওতে দেখা যাবে—এমন প্রত্যাশায় বিপুলসংখ্যক দর্শক ফেসবুকে যুক্ত হয়েছিলেন। আওয়ামী লীগপন্থি প্রচারমাধ্যমগুলোও দাবি করেছিল, তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে ভিডিওতে দেখা যায়নি, তিনি কেবল অডিও বার্তার মাধ্যমে বক্তব্য দিয়েছেন।’

তিনি আরও জানান, শেখ হাসিনা কথা বলা শুরু করার সময় লাইভে দর্শক সংখ্যা ছিল প্রায় ২ লাখ ৬ হাজার। কিন্তু তিনি ভিডিওতে নেই—বিষয়টি বুঝতে পেরে মাত্র ১০ মিনিটের মধ্যে দর্শক সংখ্যা প্রায় ৪৪ হাজার কমে ১ লাখ ৬২ হাজারে নেমে আসে।

৫ আগস্ট দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়ার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন শেখ হাসিনা। সেখানে তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা বিশ্লেষণ করে সুব্রত আচার্য বলেন, শেখ হাসিনা ঘোষণা করেছেন যে গ্রেপ্তার, কারাবাস বা প্রাণনাশের ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন। ১৯৮১ সালে নিজের স্বদেশ প্রত্যাবর্তনের উদাহরণের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি এই সংকল্প ব্যক্ত করেন।

তবে এ বিষয়ে সুব্রত আচার্য মনে করেন, শুধু ঘোষণাই যথেষ্ট নয়; দেশে ফেরার জন্য আইনি প্রস্তুতি, সংগঠনের সক্রিয়তা এবং নিরাপত্তার বাস্তব ব্যবস্থা প্রয়োজন। বর্তমানে এর কোনো সুস্পষ্ট পরিকল্পনা বা দৃশ্যমান নকশা সামনে আসেনি। তাই তার এই ঘোষণাকে একটি রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছেন তিনি, বাস্তব প্রত্যাবর্তনের পূর্ণাঙ্গ পরিকল্পনা হিসেবে নয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন