প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে বুধবার প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি জানান, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সরকারের গঠন করা জনপ্রশাসন সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। বুধবার এই দুই কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে।
এর আগে গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেয় নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। ১ মাস ৩ দিনের মাথায় গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে ভাষণে প্রাতিষ্ঠানিক সংস্কারে ৬টি সুনির্দিষ্ট কমিশন গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

