দেশের কল্যাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, আমাদের কিছু ভুল-ভ্রান্তি আছে, কিছু ত্রুটি-বিচ্যুতি আছে। তারপরও আমরা এ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা অবশ্যই এগিয়ে যেতে পারব। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব।
বুধবার সকালে ঢাকায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে খতমে কুরআন, আলোচনায় তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা আমাদের প্রেরণার উৎস, গৌরবের স্মারক। ১৯৭১ সালে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক এই ভূখণ্ড পেয়েছি। একটি স্বাধীন পতাকা, ভূ-খণ্ড ও রাষ্ট্র গঠন করতে পেরেছি। স্বাধীনতার পর অর্ধশতাব্দী পার হয়েছে। আমরা হাটি-হাটি পা-পা করে এ দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছি।
ড. খালিদ বলেন, আমাদের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় যারা দেশের সম্পদ লুট, নষ্ট ও পাচার করেছে তাদের প্রত্যাখান করতে হবে। তিনি দেশকে উন্নত করতে আগামীদিনে সৎ ও ভালো মানুষকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

