আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভোটের সময় ইন্টারনেট-টেলিযোগাযোগ বিঘ্নিত করা যাবে না: ইসি

স্টাফ রিপোর্টার

ভোটের সময় ইন্টারনেট-টেলিযোগাযোগ বিঘ্নিত করা যাবে না: ইসি

‎আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালীন সারাদেশে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সময়ে রাস্তা সংস্কার বা অন্য কোনো উন্নয়নমূলক কাজের কারণে যাতে গুরুত্বপূর্ণ ট্রান্সমিশন সংযোগ বিচ্ছিন্ন না হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

‎সম্প্রতি ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে সরকারের গুরুত্বপূর্ণ ৪টি মন্ত্রণালয়ের সচিবকে এই নির্দেশনা পাঠানো হয়। চিঠিপত্র পাঠানো হয়েছে স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের কাছে।

‎সমন্বয় ছাড়া কাজ নয়

‎ইসির চিঠিতে বলা হয়েছে, নির্বাচনি কর্মকাণ্ডের জন্য দ্রুত ও নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য। তাই নির্বাচনের আগে ও পরে হাইওয়ে বা রাস্তার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার সময় অবশ্যই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাথে সমন্বয় করতে হবে। কোনোভাবেই যাতে মাটির নিচে থাকা অপটিক্যাল ফাইবার বা গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ লাইন ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কমিশন।

‎কেন এই সিদ্ধান্ত?

‎ইসি সচিবালয় সূত্রে জানা গেছে:

‎* নির্বাচনের দিন ড্রোনের লাইভ ফিড এবং ভোটকেন্দ্রের তথ্য আদান-প্রদান সচল রাখা।

‎* মাঠপর্যায়ের কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা।

‎* যান্ত্রিক বা মানুষের ভুলের কারণে ইন্টারনেট বা ফোন সংযোগ বিচ্ছিন্ন হওয়া রোধ করা।

‎উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে দেশের ১২ কোটির বেশি ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্কার নিয়ে আয়োজিত গণভোটে অংশ নেবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন