প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের ‘ওয়ান টু ওয়ান’ বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠক শেষে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি ১৩ জুন লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকের ‘ফলোআপ’ হতে পারে। ওই বৈঠকের পর বলা হয়েছিল, সব প্রস্তুতি শেষ হলে ২০২৬ সালের রমজান শুরুর আগেই—ফেব্রুয়ারির প্রথমার্ধে—নির্বাচন হতে পারে।
১৫ জুন এক প্রশ্নের উত্তরে সিইসি জানান, সরকারের সঙ্গে এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তবে আলোচনা হলে তারিখ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, এ বৈঠকের পর নির্বাচন কমিশন শিগগিরই ভোটের তারিখ ঘোষণা করতে পারে।
রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আমার ধারণা, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সিইসি ফেব্রুয়ারির কথাই অফিশিয়ালি শুনেছেন।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মাহবুবুর রহমানও মনে করেন, এ বৈঠকে ফেব্রুয়ারির ভোট-সম্ভাবনা নিয়েই মূল আলোচনা হয়েছে।
রোববার সিইসি ফুল কমিশনের সঙ্গে বৈঠকে বসতে পারেন—সেখানে হয়তো বিস্তারিত জানা যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

