শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে: খাদ্যমন্ত্রী

শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা দিলেই হবে না; তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

রোববার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশের কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কাজ করছে। দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

খাদ্যমন্ত্রী বলেন, সামাজিক ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের শিক্ষাজীবনকে আরো সহজ ও সুন্দর করতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

খাদ্যমন্ত্রী আরো বলেন, শিক্ষার মান যত উন্নত হবে, দেশ তত এগিয়ে যাবে। তাই একটি শিক্ষিত, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই তাদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিতের পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করাও সরকারের দায়িত্ব।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে ও স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য ফরিদ হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন-পুলিশ সুপার সারওয়ার আলম বিপিএম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র নাথ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেনসহ স্থানীয় নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেন। পরে খাদ্যমন্ত্রী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন। নতুন পোশাক পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন