বহুল আলোচিত নিখোঁজ আরাবী ইসলাম সুবাকে (১১) নওগাঁ জেলার মধ্যপাড়া থেকে উদ্ধার করেছে র্যাব-৫। মঙ্গলবার বিকেল ৪টার দিকে জয়পুরহাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। কিন্তু তার সাথে থাকা ছেলেটিকে খুঁজে পায়নি র্যাব। দৈনিক আমার দেশকে এ তথ্য জানায় র্যাব-৫।
এর আগে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ ১১ বছর বয়সী কিশোরী আরাবি ইসলাম সুবার খোঁজ মিলেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, এটি প্রেম-সম্পর্কিত ঘটনা। নওগাঁর এক ছেলের সাথে তিনি পালিয়েছেন। ওই ছেলেকেই মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে আরাবি ইসলাম সুবার সাথে হাত ধরে যেতে দেখা যায়।
পুলিশ জানায়, নওগাঁয় ওই ছেলের বাড়িতেই ওই কিশোরীকে খুঁজে পাওয়া যায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান ওই ছেলেটি। তবে দ্রুত তাকেও পুলিশ হেফাজতে আনতে পারবে বলে আশা করে পুলিশ।
এডিসি জুয়েল রানা গণমাধ্যমকে বলেন, আমরা মেয়ের খোঁজ পেয়েছি। ছেলেরও খোঁজ পেয়েছি। তাদের লোকেশন ট্র্যাক করতে পেরেছি। এখনও পর্যন্ত মেয়ে আমাদের হাতে এসে পৌঁছায়নি। ছেলের বাবা-চাচার সাথে কথা বলেছি, তাদের কাছে মেয়ে সকালে ছিল। পরে আবার বাসা থেকে বের হয়ে গেছে। বিষয়টা তারা মেয়ের বাবাকেও জানিয়েছে।
জুয়েল রানা বলেন, পুলিশকে সহযোগিতা করা দরকার। কালকে থেকে পুলিশের অসংখ্য টিম কষ্ট করছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, মেয়ের পরিবার থেকে ছেলের পরিবারে বলা হচ্ছে যে, তারা না যাওয়া পর্যন্ত যেন কোনোভাবেই পুলিশের হাতে হস্তান্তর না করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

