দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে ঢাকা ১৫ নম্বর ওয়ার্ডের সকল উন্নয়ন কাজ করার ঘোষণা দেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। একই সঙ্গে প্রশাসক জানান, আমার যতটুকু সাধ্য আছে, আমার যতটুকু ক্ষমতা আছে, সেই ক্ষমতা ও সাধ্যের মধ্যে আমি জনগণের কল্যাণে কাজ করে যাব।
আজ ঢাকার ১৫ নম্বর ওয়ার্ডের বারন টেক, নামাপাড়া, বাইগার টেক ও সিদ্দিক নগর এলাকার তিনটি রাস্তার উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রশাসক এই ঘোষণা দেন। প্রশাসক জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদার ও মানবিক মানসিকতা, সেই মানসিকতা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব।
প্রশাসক জানান, এই উদার মানসিকতা নিয়ে কেউ যদি কোনো অন্যায় করে, তা সহ্য করা হবে না।
তিনি বলেন, গতকাল উত্তরখানের ঘটনায় আমার পরিচ্ছন্ন কর্মীদের পাশে দাঁড়িয়েছি এবং প্রশাসক হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি।
আমার পরিচ্ছন্ন কর্মীদের ওপর নির্বিচারে বহিরাগতদের এনে মারপিট করেছে, তাদের পক্ষে আমাকে যেতে হয়েছে। আমি সেখানে গিয়ে তাদের সান্ত্বনা দিয়েছি। তারা মিছিল করেছে, বিচারের দাবিতে বিক্ষোভ করেছে। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। এটা আমার নৈতিক দায়িত্ব ছিল। আমি দল-মত নির্বিশেষে সকল নাগরিকের পাশে নৈতিক দায়িত্ব নিয়ে কাজ করে যাব।
উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রশাসক জানান, ১৫ নম্বর ওয়ার্ডে আমরা তিনটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলাম। বাকি উন্নয়ন কাজ চলমান থাকবে।
এবার কোরবানিতে নগরবাসী নির্দিষ্ট স্থানে ময়লা ফেলেছে এবং সিটি কর্পোরেশনের কর্মীরা সময়মতো ও দ্রুত নির্দিষ্ট স্থান থেকে ময়লা অপসারণ করার কারণে এবার কোরবানিতে কোনো দুর্গন্ধ হয়নি এবং নগরবাসী স্বস্তিতে ছিল বলে জানান প্রশাসক।
প্রশাসক জানান, আগামী নির্বাচনে অংশগ্রহণ করলে দলীয় কর্মীদের বাইরে যেকোনো কেউ আমাকে ভোট দিতে পারে। জয়-পরাজয় যাই হোক, এলাকার উন্নয়নে কাজ করে যাব।
প্রশাসক বলেন, ১৫ নম্বর ওয়ার্ড প্রধানমন্ত্রীর সংসদীয় এলাকা। এই এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বসবাস করেন এবং সমাজ উন্নয়নে আমি সবাইকে নিয়ে একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।
১৫ নম্বর ওয়ার্ডের সকল সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন প্রশাসক।
প্রশাসক জানান, একার পক্ষে কখনো কোনো কাজ করা সম্ভব নয়। সকলের সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নয়ন ও মানবতার বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকারনাইন-এর সভাপতিত্বে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


