আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উত্তরায় ভয়াবহ মাদক কিটামিন ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৩ বিদেশি

স্টাফ রিপোর্টার

উত্তরায় ভয়াবহ মাদক কিটামিন ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৩ বিদেশি

রাজধানীর উত্তরার একটি আবাসিক এলাকায় গোপনে পরিচালিত ভয়াবহ মাদক প্রস্তুতকারক ল্যাবের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে বিপুল পরিমাণ কিটামিনসহ একটি পূর্ণাঙ্গ ল্যাব জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) ভোররাত থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকার উপপরিচালক মো. মেহেদী হাসান। অভিযানটি এখনও চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

গোয়েন্দা কর্মকর্তারা জানান, উত্তরার সেক্টর-১০-এর ১/এ নম্বর সড়কের ২৯ নম্বর বাড়ি ‘লেইলা গার্ডেন’-এ দীর্ঘদিন ধরে গোপনে কিটামিন প্রস্তুতের কার্যক্রম চলছিল। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে একটি সুসজ্জিত ল্যাবরেটরি, কাঁচামাল, রাসায়নিক দ্রব্য এবং বিপুল পরিমাণ প্রস্তুত কিটামিন উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত বিদেশি নাগরিকরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা রাজধানীতে অবস্থান করে অবৈধভাবে কিটামিন উৎপাদন ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল। এই মাদক দেশের বিভিন্নস্থানে সরবরাহের পাশাপাশি আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গেও তাদের যোগাযোগ থাকতে পারে বলে সন্দেহ করছে গোয়েন্দারা।

অভিযান সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, “এটি একটি বড় ধরনের মাদক উৎপাদন কেন্দ্র। এখানে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কিটামিন তৈরি করা হতো। উদ্ধার হওয়া আলামত বিশ্লেষণ করে পুরো চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।”

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের নেটওয়ার্ক ও সহযোগীদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

গোয়েন্দা সংস্থাগুলো বলছে, রাজধানীতে মাদক উৎপাদন ও সরবরাহ চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন