ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী বলেছেন,মাদরাসা শিক্ষার স্বাতন্ত্র্য ও ঐতিহ্য ধ্বংস করার ষড়যন্ত্র যে কোনো কিছুর বিনিময়ে রুখতে হবে।
তিনি বলেন, ইবতেদায়ী মাদ্রাসার স্বীকৃতি ও ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি থেকে বঞ্চিত করা এবং উচ্চতর স্তরে সাধারণ বিষয়ের চাপে আরবি ও ইসলামী বিষয় মারাত্মকভাবে হ্রাস করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে মুসলিম জাতিসত্তার চেতনা নিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষার জন্য জেনারেল শিক্ষার সর্বস্তরে কোরআন ও হাদিসের শিক্ষা ও আদর্শের প্রতিফলন ঘটাতে হবে।
তিনি শনিবার ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে ‘মাদরাসা শিক্ষার ঐতিহ্য রক্ষা ও উন্নয়ন: জেনারেল শিক্ষার সর্বস্তরে কোরআন-হাদিসের শিক্ষার বাস্তবায়ন—সময়ের দাবি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
ড. ঈসা শাহেদী আরও বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ও ইনসাফপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য শরিয়াহ আইন বলবৎ করতে হবে। ভারত সীমান্তে উসকানি ও পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টির পাঁয়তারার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
রাজধানীর পুরানা পল্টনে ছায়াপথ প্রকাশনী মিলনায়তনে আয়োজিত এ সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সংগঠনটির নায়েবে আমির ড. একেএম মাহবুবুর রহমান ও অধ্যক্ষ শওকাত হোসেন, সেক্রেটারি জেনারেল ড. এনামুল হক আজাদ, ড. ইসমাইল হোসেন, ড. লোকমান হাকিম, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা কাজী আবু বকর সিদ্দিক, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ আরিফ প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

