অফিস সময়ের নির্ধারিত পাঁচমিনিট আগে পৌঁছে যান স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কিন্তু এক-তৃতীয়াংশ তখন অনুপস্থিত। এটা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) চিত্র। আরও বিপত্তি ঘটে ৯টায় মেইন হেট বন্ধ হওয়ায়।
সোমবার (৬ এপ্রিল) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাইয়ে ঝটিকা সফরে যান প্রতিমন্ত্রী।
সরেজমিন দেখা যায়, সকাল ৯টা বাজতেই বন্ধ হয়ে যায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ভেতরে ঢোকার প্রত্যেকটি প্রবেশপথ। কর্মকর্তা-কর্মচারীদের ভিড় জমে যায় ভেতরে ঢোকার গেটগুলোতে।
অনেকেই তখনও ঘটনা বুঝে উঠতে পারেননি। একে অপরের সাথে কথা বলতে বলতে যা জানলেন, তাতে চোখ কপালে উঠলো প্রায় প্রত্যেকেরই। জানতে পারলেন, সঠিক সময়ে সবাই অফিসে প্রবেশ করছে কিনা তা দেখতে সকাল ৮টা ৫৫ মিনিটেই মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে সশরীরে হাজির হয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
পরে গণমাধ্যমের সাথে কথা বলে অনেকটা আক্ষেপের সুরেই জানালেন, সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত অন্তত ৩২ শতাংশ কর্মকর্তা-কর্মচারী অফিসেই প্রবেশ করেননি।
যেখানে খোদ প্রধানমন্ত্রী এবং মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব উপসচিবসহ পদস্থ কর্মকর্তারা ৯টা-৪টা অফিসের সময় অক্ষরে অক্ষরে পালন করছেন, সেখানে সরকারের বিভিন্ন দফতর, অধিদফতরে নির্ধারিত সময়ে অফিসে না আসার বিষয়ে ব্যবস্থা নেয়ার কথাও জানালেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এভাবেই আকস্মিক সফর করবেন বিভিন্ন দফতর, অধিদফতরে। উপস্থিতির ব্যত্যয় পেলেই নেয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

