সরকার জিওপলিটিক্যাল কোনো চাপ বা উত্তেজনার মধ্যে নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সফর করেছেন। তার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সাক্ষাৎ করেছেন। এছাড়া ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ আগস্ট প্রকাশ্যে আসবেন—এমন খবরও ছড়িয়ে পড়েছে। এসব বিষয় সরকার কীভাবে দেখছে—এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, তিনি ভারতের হাইকমিশনারের সঙ্গে দেখা করেছেন, এরপর ফিরে গেছেন।
তিনি আরও বলেন, ‘খুবই ইন্টারেস্টিংলি, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত বাংলাদেশ থেকে সরাসরি ভারতে গেছেন—এ ধরনের কথাও দেখলাম কেউ কেউ লেখার চেষ্টা করেছেন।
‘আপনারা নিশ্চয়ই জানেন, তিনি আসলে ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত এবং তার অতিরিক্ত দায়িত্বও রয়েছে। এগুলো আমি অন্যভাবে দেখছি না। তিনি কার কার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছেন, সে বিষয়ে আমরা সরকারিভাবে অবহিত নই। তাই এ বিষয়ে আমি মন্তব্য করছি না।’
শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘৫ তারিখের বিষয়টি যদি বলেন, যেটা আপনি উল্লেখ করলেন, সে বিষয়ে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ দলটির কোনো সক্ষমতা নেই।’
তিনি আরও বলেন, ‘আমি আগেও একদিন বলেছি, কিছু মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করে। তার অর্থ, বিভিন্ন জায়গায় তাদের সুবিধাভোগী রয়েছে। প্রশাসনসহ বিভিন্ন জায়গায় সুবিধাভোগী আছে। তবে দল পরিচালনার জন্য যে নৈতিক শক্তি প্রয়োজন, সেটা তাদের নেই।’
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


