ত্রিবেদীকে হুমায়ুন

ভারতের ভূখণ্ড বসে হাসিনা যেন বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে

ভারতের ভূখণ্ড বসে হাসিনা যেন বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে এ কথা জানান।

বিজ্ঞাপন

সোমবার ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ হয় তার। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের আলোচনা হয়।

ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা আগামী পাঁচই অগাস্ট প্রকাশ্যে বক্তব্য রাখতে পারেন– সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই খবরটিও তাদের আলোচনায় উঠে আসে।

সেই প্রেক্ষাপটেই প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ভারতের হাইকমিশনারকে সতর্ক করে বলেন, এ ধরনের কার্যক্রম দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

ভারতের হাইকমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস প্রদান করেন বলে উল্লেখ করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, আলোচনা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন। সেইসাথে, উভয়পক্ষ নিয়মিত সংলাপ ও গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন