কৃষক কার্ড হবে কৃষকের মর্যাদার স্বীকৃতি: কৃষিমন্ত্রী

আমার দেশ অনলাইন

কৃষক কার্ড হবে কৃষকের মর্যাদার স্বীকৃতি: কৃষিমন্ত্রী
ছবি: সংগৃহীত

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষককে সমাজের সর্বোচ্চ মর্যাদায় আসীন করতে সরকার বদ্ধপরিকর। কৃষক কার্ড হবে কৃষকের মর্যাদার স্বীকৃতি।

বুধবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘কৃষক কার্ড’ বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আন্তঃমন্ত্রণালয়ে সভায় সভাপতিত্বকালে মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। দেশের ৭০ শতাংশ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। কৃষক কার্ডের মাধ্যমে সকল কৃষক একটি নিয়মের মধ্যে আসবেন যার মাধ্যমে কৃষি খাত সুশৃঙ্খল হবে।

তিনি বলেন, এখন আমরা বিভিন্ন ফসল, খাদ্যশস্য, মৌসুমি শাকসবজি ও ফলমূল নষ্ট হতে দেখি, আমাদের চাহিদা ও উৎপাদনের কোনো সামঞ্জস্য নেই। কৃষক কার্ডের মাধ্যমে এসব সমস্যা দূর হবে। সকল কৃষকের জমির পরিমাণ, মাটির স্বাস্থ্য অম্লতা, ফসলের চাহিদা ও উৎপাদনের ডাটাবেজ থাকবে। কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন।

মন্ত্রী দেশের ১১টি উপজেলার ১১টি ব্লকে কৃষক কার্ডের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মাঠ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় মাঠ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন