শফিকুল ইসলাম মাসুদের প্রশ্নের জবাবে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

শফিকুল ইসলাম মাসুদের প্রশ্নের জবাবে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম ও ড. শফিকুল ইসলাম মাসুদ।

উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের নামে ৩৮ লাখ টাকার বাজেট বরাদ্দ দিয়ে শুধুমাত্র দুটি টয়লেট বানিয়ে বাকি পুরো অর্থ বিগত সরকার লোপাট করে খেয়ে ফেলেছে বলে জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এর জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম সংসদে জানিয়েছেন, অতীতে নামমাত্র অবকাঠামো তৈরি করে স্টেডিয়াম বলে চালিয়ে দেওয়ার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করে খতিয়ে দেখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার জাতীয় সংসদে স্পিকারের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে সংশ্লিষ্ট সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বাউফলের তরুণদের মাদক ও কিশোর গ্যাং থেকে ফিরিয়ে আনতে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এই লক্ষ্যে ডিও লেটার নিয়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে জানা যায়, নথিপত্রে বাউফলে ইতোমধ্যেই একটি মিনি স্টেডিয়াম বিদ্যমান রয়েছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, খোঁজখবর নেওয়ার পর আমরা জানতে পারলাম, সেখানে ৩৮ লাখ টাকার বাজেট হয়েছিল। কিন্তু তার বিনিময়ে বিগত ফ্যাসিস্ট সরকার শুধুমাত্র দুটি টয়লেট বানিয়ে রেখে বাকি পুরো টাকা লোপাট করে খেয়ে ফেলেছে। অথচ কাগজে-কলমে ভাউচার থেকে শুরু করে মাঠের বাস্তবায়ন সবই দেখানো আছে। এই ধরনের দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে এবং প্রকৃত স্টেডিয়াম পেতে কী প্রক্রিয়া অনুসরণ করা হবে, তা জানতে চান তিনি।

এর প্রেক্ষিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য আমিনুল ইসলামের বক্তব্যকে অত্যন্ত যৌক্তিক উল্লেখ করে বলেন, অতীতে প্রথম পর্যায়ে যেসব মিনি স্টেডিয়াম করা হয়েছিল, তার মধ্যে ১২৫টিতে কেবল দুটি রুম—একটি টয়লেট ও আরেকটি ড্রেসিংরুম বানিয়ে পুরো খালি মাঠকে স্টেডিয়াম বলে চালিয়ে দেওয়া হয়েছিল। তবে সেগুলোকে কোনোভাবেই পূর্ণাঙ্গ মিনি স্টেডিয়াম বলা যায় না।

প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই কাঠামোতে বড় পরিবর্তন এনেছে। এখন প্রতিটি উপজেলা স্টেডিয়ামে প্যাভিলিয়ন, দর্শক গ্যালারি, প্রেস বক্সসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা রাখা হচ্ছে। একটি মানসম্মত স্টেডিয়ামের জন্য প্রায় ৩ একর জায়গা নির্ধারণ করে জমি অধিগ্রহণ কিংবা খাস জমি প্রাপ্তিসাপেক্ষে আধুনিক অবকাঠামো নির্মাণকাজ পরিচালনা করা হচ্ছে। বর্তমানে সারাদেশে ২০১টি উপজেলা স্টেডিয়ামের নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।

অতীতে স্টেডিয়াম প্রকল্পের নামে হওয়া অনিয়ম প্রসঙ্গে প্রতিমন্ত্রী সংসদকে আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে আর এমন নামসর্বস্ব স্টেডিয়াম করার কোনো সুযোগ নেই। বিগত সময়ে উপজেলা স্টেডিয়াম নির্মাণের নামে যে দুর্নীতি ও অর্থ লোপাট হয়েছে, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন