রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বিভিন্ন দলের বিক্ষোভ মিছিল

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বিভিন্ন দলের বিক্ষোভ মিছিল

রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিশ। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় এবং মিরপুর এক নম্বর থেকে মিছিল বের করে জামায়াত। সেখানে সমাবেশও করেন দলটির নেতাকর্মীরা। একই সময়ে ইসলামী আন্দোলনের উদ্যোগে বায়তুল মোকাররম এলাকায় সমাবেশ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিজয়নগর পর্যন্ত মিছিল করে খেলাফত মজলিশ।

বায়তুল মোকাররমের উত্তর গেটে বাদ জুমা আয়োজিত বিক্ষোভ সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির মূল কারণ হচ্ছে সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙতে না পারলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব হবে না। জনগণকে স্বস্তি দিতে সরকারকে বাজারের সিন্ডিকেট ভাঙতে কঠোর হতে হবে। বাজার কারসাজি জামায়াতে ইসলামী মেনে নিবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ থেকে বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিজ্ঞাপন

সমাবেশে আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি মু. দেলাওয়ার হোসেন, দক্ষিণের ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোশারফ হোসেন। এসময় মহানগর জামায়াতের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে একটি মিছিল বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে বের হয়ে বিজয়নগর-কাকরাইল হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়।

40

জামায়াতের ইসলামীর মিছিল: বেলা ২টায় মিরপুর এক নম্বরের সনি মোড়ে সমাবেশে করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। সেখানে প্রধান অতিথির বক্তব্যে মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বরকতময় মাসে সবাইকে যথাযথভাবে সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে তাক্বওয়া অর্জন ও আত্মশুদ্ধির আহ্বান জানান।

ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, মাওলানা মুহিব্বুল্লাহ, উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার, মহানগরী কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন, শহিদুল্লাহ, হেদায়েত উল্লাহ, শাহ আলম তুহিন, অধ্যাপক আনোয়ারুল হক প্রমুখ।

সমাবেশের পর মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কাজীপাড়া মেট্রোরেলের নিচে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।

359

ইসলামী আন্দোলনের মিছিল: মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালে রাখার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে একটি মিছিল বের হয়ে পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাব, কদমফোয়ারা হয়ে পুরানা পল্টন মোড়ে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এ সময় তারা রমজানের পবিত্রতা রক্ষা এবং জননিরাপত্তা রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করে নির্বাচন দিতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন দিলে সেই নির্বাচন ফলপ্রসূ হবে না। তিনি সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রমজানে বাজারব্যবস্থা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে জনগণ বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে স্বাগত মিছিলপূর্ব সমাবেশে

আরও বক্তব্য রাখেন- সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা আরিফুল ইসলাম, হাজী আব্দুল আউয়াল মজুমদার, কেএম শরীয়াতুল্লাহ, শেখ আবু তাহের, শফিকুল ইসলাম, মাইনুল ইসলাম প্রমুখ।

3

খেলাফত মজলিশ: বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি মিছিল বরে করে খেলাফত মজলিশ। মিছিলটি বিজয়নগর বিজয়নগর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, রমজান মাসের পবিত্রতা রক্ষা করা সকল মুসলমানের জন্য অবশ্যই কর্তব্য। বিশেষ করে মুসলিম দেশের সরকার প্রধানের এই ক্ষেত্রে দ্বায়িত্ব অনেক বেশি।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক। সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, মহানগরী সহ-ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা ফরিদ আহমদ হেলালী, ছাত্র মজলিশ ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি সাইফুদ্দিন আহমদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন