বেসরকারি স্বাস্থ্য খাতে চিকিৎসকদের অন্যায় মুনাফা বন্ধে নীতিমালা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
শনিবার রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিওএ)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সায়েদুর রহমান বলেন, বেসরকারি স্বাস্থ্য খাতে অন্যায় মুনাফা কখনোই কাম্য নয়। এটি বন্ধে প্রয়োজনীয় নীতিমালা তৈরি হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য দূরীকরণের জন্যও ব্যবস্থা নেওয়া হবে।
ডা. সায়েদুর রহমান বলেন, বেসরকারি প্রতিষ্ঠানে অনেক ক্ষেত্রে একজন চিকিৎসকের বেতন ১২ থেকে ১৫ হাজার টাকা, যা আদর্শ নয়। বেসরকারি খাতে বেতন কাঠামোর অভাব দূর করার জন্য একটি বেতন বোর্ড গঠন করা হবে।
স্বাস্থ্য সেবা ও শিক্ষা প্রতিষ্ঠানে একই মান প্রণয়নের উদ্যোগের কথা তুলে ধরেন বিশেষ সহকারী। একই সঙ্গে স্বাস্থ্য প্রতিষ্ঠানে হামলা ও চিকিৎসক নিগ্রহ প্রসঙ্গ টেনে তিনি বলেন, সকল নির্যাতনই অন্যায়, বিশেষ করে নারী নির্যাতন মারাত্মক অন্যায়। স্বাস্থ্য প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় কঠোর শাস্তির বিধান থাকা উচিত। স্বাস্থ্য খাতে ন্যায্য মুনাফা, কর্মীদের অধিকার এবং সেবার মানোন্নয়নের মাধ্যমে রোগী, চিকিৎসক ও প্রতিষ্ঠান—সবার জন্য একটি স্বচ্ছ, নিরাপদ ও সমান পরিবেশ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

