শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার দুপুরে পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ছদ্মনামে প্রতিবেশী একটি দেশে আত্মগোপনে থাকা মোজাফফর হোসেনকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমান সেনা আইনে বিচার সম্পন্ন করার লক্ষ্যে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, জেনারেল কোর্ট মার্শাল গঠনের মাধ্যমে আইন অনুযায়ী তার বিচার সম্পন্ন হবে। একই অপরাধে কোনো ব্যক্তিকে দেওয়ানি বা প্রচলিত আইন এবং সামরিক আইন—দুই ব্যবস্থায় আলাদাভাবে বিচারের সুযোগ নেই। সে কারণে সেনা আইনেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
মিয়ানমার সীমান্তের পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটির সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘাত চলছে। একই এলাকায় আরএসও ও আরসার মতো গোষ্ঠীর তৎপরতার কারণেও পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে সীমান্ত এলাকা এই বহুমুখী সংঘাতের প্রভাবের মুখে পড়ছে।
তিনি বলেন, সীমান্তের ওপার থেকে গুলি এসে পড়া এবং মাদকের অনুপ্রবেশ ঠেকাতে সরকার সার্বক্ষণিক নজরদারি করছে। ভারতের সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনার ধরন এবং মিয়ানমার সীমান্তের কৌশলগত চ্যালেঞ্জ এক নয়। এই কারণে মিয়ানমার সীমান্তকে নিশ্ছিদ্র ও সুরক্ষিত করা এখন অত্যন্ত জরুরি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


