ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে ইসরাইলের অবৈধ বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাজ্য জানিয়েছে, ইসরাইলের জনগণের সঙ্গে নয়, বরং দেশটির বর্তমান সরকারের নীতির সঙ্গে তাদের বিরোধ রয়েছে।
আলজাজিরাকে দেওয়া এক বক্তব্যে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, ‘কয়েক দশকের সহযোগিতা, অভিন্ন স্বার্থ ও ইসরাইলের নিরাপত্তার প্রতি অঙ্গীকারের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে। আমরা স্পষ্টভাবে জানিয়েছি যে, আমাদের উদ্বেগগুলো বর্তমান ইসরায়েলি সরকারের কর্মপন্থা নিয়ে, ইসরায়েলি জনগণের সঙ্গে নয়।’
তিনি আরও বলেন, ‘আমরা ‘টু-স্টেট সলিউশন’ বা দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে। এই সমাধানের কার্যকারিতা রক্ষার লক্ষ্যে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি, যার মধ্যে বসতি স্থাপনকারীদের সহিংসতা রোধ এবং বসতি সম্প্রসারণকে লক্ষ্য করে নেওয়া বিভিন্ন ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।’
এর আগে যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক করেছিল ইসরাইল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ পদক্ষেপকে ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে এর পরিণতি ভোগ করতে হতে পারে বলে হুঁশিয়ারি দেয়।
ব্রিটেন বাণিজ্য নিষেধাজ্ঞা ঘোষণার কিছুক্ষণ পরই পাল্টা পদক্ষেপ নেয় ইসরাইল। ব্রিটিশ পার্লামেন্টের ১১ জন সদস্য ও একজন আইনজীবীর ওপর দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। একই সঙ্গে জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশও দেয় ইসরাইল।
ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে অবৈধ বসতি সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধের জেরেই সাম্প্রতিক এ উত্তেজনা তৈরি হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

