মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বৃদ্ধির মধ্যে ইরানে হামলা চালানো যেকোনো দেশকে পাল্টা আক্রমণের পাশাপাশি নিজেদের ভূখণ্ডে অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, তাদের সামরিক কৌশল এখন আর শুধু প্রতিরক্ষামূলক নয়; বরং তা আক্রমণাত্মক ও অসম কৌশলনির্ভর।
ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, ‘আগে ইরানের প্রতিরক্ষা নীতি ছিল পুরোপুরি আত্মরক্ষামূলক। আমরা ঘোষণা করতাম, কোনো দেশ আমাদের ওপর হামলা চালালে আমরা তার জবাব দেব।’
তিনি আরো বলেন, ‘এখন আমরা বলছি, কোনো দেশ আমাদের ওপর হামলা চালালে আমরা জবাব দেওয়ার পাশাপাশি তাদের ভূখণ্ডে অভিযানও চালাব। আমাদের কৌশল আর শুধু আক্রমণাত্মক থাকবে না, বরং তা অসম কৌশলনির্ভর হবে। আমরা শত্রুকে এমনভাবে আঘাত করব, যাতে তারা আমাদের পদক্ষেপের তীব্রতা বুঝতে পারে।’
এদিকে, হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রকেও কটাক্ষ করেছেন আইআরজিসির এই মুখপাত্র। তিনি বলেন, এ প্রণালিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির আসন্ন মধ্যবর্তী নির্বাচনে পড়বে।
মোহেবি বলেন, ‘হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও রাজনৈতিক কণ্ঠনালি চেপে ধরেছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

