অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন ওং।
বুধবার এ টেলিফোন আলাপ হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন ওং বুধবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। আলাপের সময় এই দুই কর্মকর্তা দুই দেশের স্বার্থের বিষয়ে আলোচনা করেন এবং যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানায়, এটি নতুন মার্কিন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।
সম্প্রতি রোহিঙ্গাদের জন্য ৭৩ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্র। ২০১৭ সাল থেকে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় দেশটি ইতোমধ্যে ২.৪ বিলিয়ন ডলার খরচ করেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র গত জুলাইয়ে গণআন্দোলনের নারী নেত্রীদের মর্যাদাপূর্ণ ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

