খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান যুবদল সভাপতির

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান যুবদল সভাপতির

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার খোঁজ নিতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিজ্ঞাপন

যুবদল সভাপতি বলেন, ‘দেশনেত্রীর শারীরিক অবস্থার ব্যাপারে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে আছেন। কোনো গুজব বা ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। দলীয় নির্দেশনা অনুযায়ী অযথা হাসপাতালের সামনে ভিড় না করে নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় অবস্থান করতে হবে।’

তিনি আরও বলেন, আমরা সবাই অত্যন্ত উদ্বিগ্ন। সারাদেশের মানুষ খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি অতি দ্রুত দেশনেত্রীকে সুস্থ করে জনগণের মাঝে ফিরিয়ে দিন।

চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে চিকিৎসকদের মূল্যায়নের ওপর নির্ভর করবে। শারীরিক পরিস্থিতি উপযোগী হলে এমন সিদ্ধান্ত আসতে পারে।

যুবদলের নেতাকর্মীদের প্রতি পুনরায় নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘আমি নিজেও কিছুক্ষণ পর্যবেক্ষণ করে সবাইকে ভিড় না করার অনুরোধ জানিয়েছি। হাসপাতালের সামনে অযথা ভিড় করলে রোগী ও অন্যদের কষ্ট হয়—এটা আমাদের কারোই কাম্য নয়।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে যুবদল সভাপতি বলেন, এ বিষয়ে দল ইতোমধ্যেই আনুষ্ঠানিক ব্রিফিং দিয়েছে। আমরা বর্তমানে দেশনেত্রীর সুস্থতার বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

তিনি বলেন, সোশ্যাল মিডিয়াসহ সর্বত্র খালেদা জিয়ার সুস্থতা নিয়ে জনগণের দোয়া ও ভালোবাসা স্পষ্ট। গৃহবধূ থেকে শুরু করে সাধারণ মানুষ—সবার আলোচনার কেন্দ্র আজ খালেদা জিয়া। দেশের মানুষের এই আবেগ ও প্রার্থনা আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন