আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ মন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি ও সেহেরির সময় যেন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, সকাল ১১টায় একটা তেলভর্তি জাহাজ এসেছে পৌঁছেছে। এছাড়া আজ আরো একটা জাহাজ আসবে।
এদিকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এলএনজি ও এলপিজির ৮টি জাহাজ। পাশাপাশি তেলের জাহাজও আসছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি অতিক্রম করা জ্বালানিবাহী ৮ জাহাজ ইতোমধ্যে বন্দরে এসে পৌঁছেছে।
রোববার সকালে জ্বালানিবাহী আটটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করেছে। বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এসব জাহাজ গত ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি অতিক্রম করেছিল।
বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার তেল বিক্রির সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
সরকার দেশবাসীকে আশ্বস্ত করে বলছে, জ্বালানির কোনো সংকট নেই। তবুও জনমনে শঙ্কা কাটছে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

