ভোটকেন্দ্রের গোপন কক্ষে কেউ মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না। তবে, ভোটকেন্দ্র ও ভোটকক্ষে মোবাইল সঙ্গে রেখে ভোটার, প্রার্থী বা তাদের এজেন্ট, সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা নিতে পারবেন। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বলে জানিয়েছিলেন।
সিনিয়র সচিব বলেন, পূর্ববর্তী সিদ্ধান্ত নিয়ে আপনাদের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল, তাই এটা আমরা সংশোধন করছি। মোবাইল ফোন নিয়ে ভোটার, প্রার্থী বা তাদের এজেন্টরা ভেতরে যাবেন। সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ বা যেখানে স্টাম্পিং হয় সেখানে মোবাইল নিয়ে কেউ প্রবেশ করবেন না। এভাবে পরিপত্রটা আমরা সংশোধন করে দিচ্ছি যাতে এর ব্যাপারে কোনো রকমের দ্বিধা না থাকে।
তিনি আরো বলেন, তবে এখানে কিছু বিধিনিষেধ থাকবে। যেমন–পোলিং অ্যাজেন্টস, পোলিং অফিসার, অ্যাসিস্টেন্ট প্রিজাইডিং অফিসার-তাদের সাথে মোবাইল রাখার বিধান নেই। সেইসাথে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য থাকেন, তাদের জন্যও একই বিধান প্রযোজ্য। নিয়মানুযায়ী তারা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের আওতার বাইরে থাকবেন।
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কেন্দ্রে প্রবেশের সময় মোবাইল ফোন সাথে না রাখতে দেয়ার বিষয়ে কমিশনের পূর্ববর্তী সিদ্ধান্তের বিষয়টি পুনর্বিবেচনার জন্য বিভিন্নভাবে একাধিকবার উত্থাপিত হলে কমিশন আলোচনা সাপেক্ষে পরিপত্রের এ সুনির্দিষ্ট অংশটুকু বাতিল করেছে বলে জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

