আস্থা বাড়াতে প্রাথমিকে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ চালু করা হবে: ববি হাজ্জাজ

আস্থা বাড়াতে প্রাথমিকে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ চালু করা হবে: ববি হাজ্জাজ
সুনামগঞ্জে মতবিনিময় সভায় প্রতিটি বিদ্যালয়ে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার প্রকৃত উন্নয়ন কেবল সরকারের একক উদ্যোগে সম্ভব নয়; এর জন্য শিক্ষক, অভিভাবক, স্থানীয় প্রশাসন ও সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। এ সময় তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি জনগণের আস্থা বাড়াতে প্রতিটি বিদ্যালয়ে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান।

বিজ্ঞাপন

সোমবার সুনামগঞ্জ পিটিআইয়ে স্কুল ফিডিং প্রকল্পের ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রতিটি শ্রেণির শিক্ষককে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে একটি প্যারেন্ট সার্কেল গঠন করতে হবে, যার মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি, উপস্থিতি ও শৃঙ্খলা নিয়ে নিয়মিত যোগাযোগ রাখা যাবে। পাশাপাশি প্রধান শিক্ষকদের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অবসরপ্রাপ্ত শিক্ষক, সরকারি কর্মকর্তা, মসজিদ ও বাজার কমিটির প্রতিনিধি এবং দানশীল ব্যক্তিদের নিয়ে ‘বন্ধু রেজিস্টার’ তৈরির নির্দেশ দেন তিনি, যা বিদ্যালয়ের উন্নয়ন, নিরাপত্তা ও অবকাঠামোতে সহায়তা করবে।

তিনি বলেন, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে পারা বিদ্যালয়ই সবচেয়ে সফল হবে; কমিউনিটি পাশে থাকলে সম্পদ দখল, নিম্নমানের খাদ্য সরবরাহ বা অপপ্রচার প্রতিহত করা সহজ হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রতিটি শিশুর জন্য আধুনিক ও মূল্যবোধভিত্তিক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ার কাজ করছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন