এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষা আগামী ১ ডিসেম্বর শুরু হচ্ছে। তবে গোপালগঞ্জ জেলায় এইচএসসি সম্পূরক পরীক্ষা নেওয়ার অনুকূল পরিবেশ না থাকায় পাঁচটি কেন্দ্রের পরীক্ষা পার্শ্ববর্তী মাদারীপুরের রাজৈর উপজেলা এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জ জেলা ঢাকা শিক্ষা বোর্ডের অধীন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।
বোর্ড আরও জানায়, গোপালগঞ্জের পাঁচটি কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য মাদারীপুরের রাজৈর উপজেলা এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে সম্পূরক পরীক্ষা আয়োজন করা হচ্ছে। গোপালগঞ্জ সরকারি কলেজের পরীক্ষার্থীদের মাদারীপুরের সরকারি রাজৈর গোপালগঞ্জ কপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজে পরীক্ষা দিতে হবে। কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজে।
এ ছাড়া কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের পরীক্ষার্থীদের রাজৈর সরকারি রাজৈর কলেজে এবং টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ও মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষার্থীদের মাদারীপুরের শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে হবে।
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অর্থাৎ প্রায় অর্ধেক পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। ১ ডিসেম্বর এ পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর। ফলাফল প্রকাশ হতে পারে ডিসেম্বরের শেষ নাগাদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


