জাতীয় মহিলা সংস্থা, হাসপাতাল ও জমি দখলের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন-দুদক ৩টি এনফোর্সমেন্ট ইউনিট থেকে সোমবার অভিযান পরিচালনা করে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) কর্মকর্তা মো. আকতারুল ইসলাম আমার দেশকে নিশ্চিত করেছেন।
ঢাকা: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা, ঢাকায় অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণের মঞ্জুরিকৃত সিলেকশন গ্রেড ও উচ্চতর গ্রেডের বকেয়া বেতন ভাতা প্রদান না করে হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন-দুদকের, প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনান্তে দেখে সংশ্লিষ্ট প্রকল্পে ১৩০জন কর্মকর্তা-কর্মচারীদের আদালতে দায়েরকৃত রিটের আদেশ অনুযায়ী রাজস্ব খাত ভুক্ত হন। টিমের নিকট পরিলক্ষিত হয় যে অভিযোগকারী কর্মকর্তা-কর্মচারীগণের দাবিকৃত ও প্রাপ্য সিলেকশন গ্রেডের ভাতাদি প্রদান না করে তাদের আবেদনসমূহ অধিকতর যাচাইয়ের জন্য বিবেচ্য মর্মে অননুমোদন করা হয়। একই সময়ে সিলেকশন গ্রেডের ভাতার প্রাপ্যতা অনুযায়ী অপর এক কর্মকর্তার ভাতাদি রাজস্ব বাজেট হতে পরিশোধ করা হয়।
হাসপাতাল: দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে হাসপাতালে রোগীদের সেবা প্রদানে বিভিন্নভাবে হয়রানি, যথাসময়ে খাবার সরবরাহ না করা সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক টিম। এ ছাড়াও হাসপাতালে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর, অবহেলাজনিত কারণে বিভিন্ন যন্ত্রপাতি অকেজো হয়ে রয়েছে। অভিযানে প্রাপ্ত বিভিন্ন অনিয়মের বিষয়ে হাসপাতালের পরিচালককে অবহিত করা হলে তিনি তাৎক্ষণিকভাবে ৬ জন কর্মচারী বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেন। দুদক টিম ২০২২-২৩ অর্থবছরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভবন এক্সটেনশন ও আইসিইউ ইউনিট স্থাপন প্রকল্প সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করে।
টাঙ্গাইল: মধুপুর সরকারি জমি দখল করে ক্ষমতার অপব্যবহার পূর্বক ব্যক্তি মালিকানাধীন কলেজ নির্মাণের অভিযোগে দুদক টাঙ্গাইলে একটি এনফোর্সমেন্ট টিম নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানের প্রাক্কালে অভিযোগে বর্ণিত মুশুদ্দি রেজিয়া কলেজ সরেজমিনে পরিদর্শন করা হয়। পরবর্তীতে উক্ত কলেজের দলিল,পর্চা, খতিয়ানসহ অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

